কার্যালয়েই ইউএনওর গাড়িচালককে হত্যার চেষ্টা, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
নাটোরের নলডাঙ্গায় যুবলীগ নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর গাড়ির চালককে ধাওয়া করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গাড়িচালক মো. রুবেল বাদী হয়ে নলডাঙ্গায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। এতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীবকে (২৮) আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব (২৮) ও তাঁর এক সহযোগী চায়নিজ কুড়াল ও রামদা নিয়ে মো. রুবেলকে ধাওয়া করেন। ওই গাড়িচলক দৌড়ে ইউএনওর কার্যালয়ে ঢুকে পড়েন। হামলাকারীরাও অস্ত্র হাতে ওই কার্যালয়ের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যান। গাড়িচালক ইউএনওর কক্ষে ঢুকে পড়লে তাঁরা দুজন ফিরে যান।
খবর পেয়ে পুলিশ এসে ওই কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করে।
জানতে চাইলে মো. রুবেল বলেন, ‘আমার ভাই ভাড়ায় গাড়ি চালান। সম্প্রতি যুবলীগ নেতা আহসান হাবীব তাঁর গাড়িটি ভাড়া নেন। দীর্ঘদিন পরও তিনি ভাড়া পরিশোধ না করায় আমার ভাইয়ের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে না পেয়ে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।’
এ ঘটনার পর থেকে আহসান হাবীবকে আর প্রকাশ্যে দেখা যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে ইউএনও কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে আছে।
ইউএনও রোজিনা আক্তার বলেন, ‘ঘটনাটি ভয়ংকর। যেভাবে তাঁরা প্রকাশ্যে অস্ত্র হাতে আমার গাড়িচালককে ধাওয়া করেছেন, তাতে বড় ধরনের কিছু একটা ঘটে যেতে পারত। আমরা মামলা করেছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’