ভৈরবে মা-ছেলের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে শয়নকক্ষ থেকে মা-ছেলের লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় গতকাল বুধবার মারা যাওয়া গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামে শয়নকক্ষ থেকে জোনাকি বেগম (২৪) ও তাঁর ছেলে আলিফের (৪) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার বেবী আক্তার (৫৫) শম্ভুপুর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।

পুলিশের ভাষ্যমতে, গতকাল জেলা গোয়েন্দা পুলিশ ও ভৈরব থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর হারুয়া গ্রাম থেকে বেবী বেগমকে গ্রেপ্তার করে। এর আগে এ ঘটনায় গতকাল আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভৈরব থানায় মামলা হয়। মামলাটি করেন জোনাকির বাবা রইছ উদ্দিন। মামলায় জোনাকির স্বামী ফরহাদ মিয়া, শাশুড়ি বেবী বেগমসহ পাঁচজনকে আসামি করা হয়।

আরও পড়ুন

জোনাকির পরিবারের সদস্যরা বলছেন, জোনাকির স্বামী ফরহাদ ইতালিপ্রবাসী। বিয়ে হয় সাত বছর আগে। ফরহাদের এটি দ্বিতীয় বিয়ে, জোনাকির প্রথম। দাম্পত্য জীবনে আলিফ তাঁদের একমাত্র সন্তান। বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছিল না জোনাকির। বিশেষ করে স্বামী ইতালিতে চলে যাওয়ার পর শাশুড়ির মানসিক নির্যাতন বেড়ে যায়। তিনি কথায় কথায় কটূক্তি করতেন, নানা অপবাদ দিতেন। সর্বশেষ রোববার রাতে জোনাকির সঙ্গে শাশুড়ির বিবাদ হয়। পরদিন সোমবার সকালে শয়নকক্ষে মা ও ছেলের লাশ পাওয়া যায়।

মামলার বাদী রইছ মিয়া বলেন, ‘আমার মেয়ে প্রায় সময় শাশুড়ি দ্বারা নির্যাতিত হওয়ার কথা বলত। কথায় কথায় বাজে কথা বলত। আত্মহত্যা করে পথ পরিষ্কার করার কথা বলত।’

পুলিশি হেফাজতে বেবী বেগম বলেন, নানা কারণে ছেলের বউয়ের সঙ্গে বিবাদ হতো সত্য। কিন্তু আত্মহত্যা করতে হবে, এমন কিছু তিনি বলেননি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, মা ও ছেলের লাশ উদ্ধারের ঘটনায় সবকিছু দেখে মনে হয়েছে, বিষয়টি আত্মহত্যা ছিল। আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন শাশুড়ি। এ কারণেই প্রথম থেকে তাঁকে ধরার চেষ্টায় ছিল পুলিশ।