শরীয়তপুরে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সড়কের পাশের গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্র জানায়, আজ ভোর ৪টার দিকে নড়িয়া উপজেলার ঘড়িসার-সুরেশ্বর সড়কের বাংলাবাজার এলাকায় দুর্বৃত্তরা সড়কের পাশের কয়েকটি গাছ কেটে ফেলে রাখে। এর পাশে টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যাটারিচালিত এক ইজিবাইকের চালক বলেন, ‘সড়কে টায়ার জ্বলতে দেখে ভয় পেয়ে যাই। রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেওয়ায় ট্রিপ আনতে যেতে পারিনি। সড়কে আগুন দেখে এলাকার মুরব্বিদের জানাই।’
আজ নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়ক অবরোধের কয়েকটি ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘অনুমান ভোর ৪টায় আমার বাড়ির সামনে ঘড়িসার-সুরেশ্বর সড়কের পাশে গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা “আজকের হরতাল সফল হোক, তারেক জিয়ার হরতাল সফল হোক”-এই স্লোগান দিতে দিতে মোটরসাইকেল করে বাংলাবাজারের দিকে চলে গেছে। তাঁরা কে বা কারা কিছুই জানি না। তবে বুঝলাম না, আবার কোনো ষড়যন্ত্রে ফেলানোর চক্রান্ত কি না। কারা করল, এই হরতালের পিকেটিং—জানার বড়ই ইচ্ছা। জন্মের পর থেকে কোনো দিন দেখিনি নড়িয়ায় হরতাল হয়, মিছিল করে গাছ কেটে আগুন দেয়। এত বড় দুঃসাহস কাদের? প্রশাসন যেন আন্তরিকতার সহিত সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিনীত অনুরোধ রইল।’
ফেসবুকের এ পোস্টের বিষয়ে জানতে যুবদল নেতা মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যে কোনো পক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, নড়িয়ায় হরতাল-অবরোধের কোনো প্রভাব নেই। সড়কে কারা কী উদ্দেশ্যে টায়ার জ্বালিয়েছিল ও গাছ ফেলে রেখেছিল—তা তদন্ত করা হচ্ছে।