ভোটের মাঠে পাঁচ প্রার্থী। সবাই দিন–রাত এক করে প্রচারণায় ব্যস্ত। অলিগলিতে পোস্টার ঝুলছে। আছে ব্যানার-ফেস্টুন। শব্দযন্ত্রে ভোট চেয়ে গাওয়া চটকদার প্যারোডি গান, অনলাইনে হরেক রকমের প্রচার প্রচারণা। তবু ‘নিরুত্তাপ’ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ভোটের মাঠ। ভোটাররা বলছেন, তাঁরা ঠিক নির্বাচনের আমেজ পাচ্ছেন না।
আড়াইহাজার সদরের কথা হলো ব্রাহ্মন্দী ইউনিয়নের বাসিন্দা বেসরকারি ব্যাংক কর্মকর্তা মোর্শেদ আলমের সঙ্গে। ঢাকাগামী বাসের অপেক্ষায় থাকা মোর্শেদের কাছে ভোটের হালচাল জানতে চাই। মৃদু হেসে উত্তর দিলেন, ‘মাঠ এখনো গরম হয়নি। সবকিছু একতরফা। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ভোট উৎসবমুখর হয় না।’
তাঁত ও কৃষি–অধ্যুষিত আড়াইহাজারে টানা তিনবারের সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (বাবু)। এবারও আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন তিনি। তাঁর বিপরীতে আলমগীর সিকদার ওরফে লোটন (লাঙ্গল), জাকের পার্টির মো. শাহজাহান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির আবু হানিফ (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (ঈগল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আসনটিতে এবার ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন ভোটার।
সম্প্রতি আড়াইহাজারে সরেজমিনে বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭ জানুয়ারির ভোটে নৌকার নজরুল ইসলামের সঙ্গে আলমগীর সিকদারের লাঙ্গল প্রতীকের লড়াই হবে। আর সেই লড়াইয়ে বড় হয়ে উঠতে পারে ভোটের আঞ্চলিক হিসাব–নিকাশ। বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারের সঙ্গে জাতীয় পার্টির আসনবণ্টনে আলমগীর সিকদার নারায়ণগঞ্জ-২ আসন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ আসনটিতে ছাড় দেয়নি।
আড়াইহাজার উপজেলা সদর থেকে পূর্বদিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের রামচন্দ্রদী বাজারে দেখা গেল লাঙ্গলের ছোট্ট মিছিল। অর্ধশতাধিক ছেলে, বুড়ো মিছিল করছেন ‘লোটন-ঝোটনের লাঙ্গল’ বলে। মিছিলের সামনে থেকে প্রচারপত্র বিলি করছেন আলমগীর সিকদার। পাশেই তাঁর ভাই জগন্নাথ কলেজ সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) জাহাঙ্গীর সিকদার ওরফে ঝোটন। এরশাদ শাসনামলের প্রভাবশালী ‘লোটন-ঝোটন’-এর নামেই ভোট চাচ্ছেন সমর্থকেরা।
আলমগীর সিকদার জানান, যে এলাকায়ই তিনি যাচ্ছেন, মানুষ জানতে চাচ্ছেন, তাঁরা নিজের ভোট নিজে দিতে পারবেন কি না। ভোটারদের আশ্বস্ত করে কেন্দ্রে নিয়ে আসাটাই কঠিন মনে হয়েছে তাঁর কাছে। মানুষ কেন্দ্রে এলে নৌকার বিরুদ্ধে লাঙ্গলকেই ভোট দেবেন বলে মনে করেন আলমগীর। আর নজরুল ইসলাম জানান, মানুষ ভোটকেন্দ্রে আসতে মুখিয়ে আছে। ১৫ বছরের উন্নয়নের ফলে মানুষ তাঁকেই ভোট দেবেন।
স্থানীয় লোকজন জানান রামচন্দ্রদীতেই আলমগীর সিকদারদের পৈতৃক ভিটা। তাঁর বাবা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক সাদত আলী সিকদার ছিলেন পাকিস্তান গণপরিষদের সদস্য এবং আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। প্রথম জাতীয় সংসদ নির্বাচনেও সাদত আলী ঢাকা-২৭ (আড়াইহাজার-মাধবদী) আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর চাচাতো ভাই হালিম সিকদার গোপালদী পৌরসভা মেয়র। আর চাচা মুজাহিদুল ইসলাম আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান। আড়াইহাজারের ‘পূর্বাঞ্চলে’ সিকদার পরিবারের নাম–ডাক রয়েছে।
এলাকার চায়ের দোকানে কথা হলো তাঁতশ্রমিক আবুল হোসেন ও রিকশাচালক রিপন মিয়ার সঙ্গে। তাঁরা জানান, আড়াইহাজারের পূর্বাঞ্চলের প্রার্থী হিসেবে গোপালদী ও আশপাশের এলাকায় আলমগীর সিকদারের ভোটের মাঠ ভালো। পরিবেশ ঠিকঠাক থাকলে ভোট দিতে কেন্দ্রে যাবেন তাঁরা।
আড়াইহাজারের আরও অনেকে ভোটের সেই আঞ্চলিক হিসাবের কথা জানান। স্থানীয় বাসিন্দাদের মতে, আড়াইহাজারের রাজনীতি পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত। উপজেলার কালাপাহাড়িয়া, খাগকান্দা, ফতেহপুর, হাইজাদী, মাহমুদপুর, বিশনন্দী, উচিতপুরা ইউনিয়ন ও গোপালদী পৌরসভা নিয়ে পূর্বাঞ্চল। আর সাতগ্রাম, দুপ্তারা, ব্রাহ্মন্দী, ইউনিয়ন ও আড়াইহাজার পৌরসভা নিয়ে পশ্চিমাঞ্চল। ভোটাররা সাধারণত নিজের অঞ্চলের প্রার্থীর পক্ষে ভোট দেন। অঞ্চলের হিসেবে আলমগীর সিকদার পূর্বাঞ্চল আর নজরুল ইসলাম পশ্চিমাঞ্চলের প্রার্থী।
আড়াইহাজারের পায়রা চত্বর বাসস্ট্যান্ডে কথা হয় উচিৎপুরা ইউনিয়নের বাসিন্দা শাহ আলমের সঙ্গে। ভোট নিয়ে ভাবনার কথা জানতে চাইলে বলেন, ‘কোনো আমেজ নাই। ভোটের মাঠ মাঘ মাসের শীতের মতো ঠান্ডা’।