নরসিংদীতে অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগ তুলে প্রকৌশলীর ওপর হামলা, গ্রেপ্তার এক
নরসিংদীর রায়পুরা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নীলকুঠি গ্রামের মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তিন ভাইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ-সাতজনকে আসামি করে রায়পুরা থানায় মামলাটি করেছেন সাইফুর রহমান।
আসামিরা হলেন রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ার মেশিনঘর এলাকার ফায়েজ উদ্দিন (৫৬), আফিল উদ্দিন (৫০) ও রাফি উদ্দিন (৪৮)। এর মধ্যে আফিলকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন সোহেল মিয়া নামের একজন লাইনম্যান। ওই সময় সোহেলকে হুমকি দিয়ে কাজে বাধা দেন আসামিরা। এ ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে যান সাইফুর রহমান। সেখানে যাওয়ার পরই তাঁর গাড়িচালক বাচ্চু মিয়ার ওপর অতর্কিত হামলা চালান আসামিরা।
একপর্যায়ে আফিল উদ্দিন লোহার রড দিয়ে সাইফুরের মাথায় আঘাত করে হেলমেট ভেঙে ফেলেন। এ সময় তাঁকে বাঁচাতে গাড়িচালকসহ অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণে জমির টাকা পেয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু ওই জমিতে যেসব স্থাপনা ছিল, অবৈধ হওয়ায় এগুলোর টাকা তাঁরা পাননি। এ নিয়েই ক্ষোভ ছিল।
ঘটনার বিষয়ে সোহেল মিয়া বলেন, ‘গতকাল দুপুরে কাজ করার সময় তিনজন আমাদের সঙ্গে কথা-কাটাকাটি করে। একপর্যায়ে আমার গলায় দা ধরে তারা বলে, রাস্তা করার জন্য সরকার তাদের কাছ থেকে যে জমি নিয়েছে, এর মূল্য পায়নি। তাই সেখানে তারা আমাদের কোনো কাজ করতে দেবে না। কাজ করলে আমাদের মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয় তারা।’
সাইফুর রহমান বলেন, ‘ঘটনাটির পর আমরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করেছি।’
ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ মো. মাহবুব-এ-এলাহী প্রথম আলোকে বলেন, ‘গত ২০ জানুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাহমুদাবাদ এলাকায় আসামিদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময়ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন তাঁরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল বিকেলে আমাদের উপসহকারী প্রকৌশলীর ওপর হামলা চালানে হয়।’
এ ঘটনায় মামলা হওয়ার পরই মাহমুদাবাদ এলাকা থেকে আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।