রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে আটক ১১ জনের নামে মামলা
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে আটক মহানগর ছাত্রদল ও যুবদলের ১১ নেতা-কর্মীর নামে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে করা মামলায় তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে সমাবেশ, সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপরে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
গতকাল বিকেলে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চবিদ্যালয়ে জনসমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচি থেকে রাজশাহী মহানগর ছাত্রদল ও যুবদলের নেতারা বাসে করে শহরে ফিরছিলেন। বাস থেকে নামার সময় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ ও যুগ্ম আহ্বায়ক রাসিকুজ্জামান, নগরের নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আবদুল্লাহ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ নাফি, রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ও রেজুয়ান, নগরের চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার রহমান। বাকিরা যুবদলের নেতা। তাঁদের নাম জানা যায়নি।
ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, নেতা-কর্মীদের নিয়ে সন্ধ্যা সাতটার দিকে একটি বাস নগরের মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসা মার্কেটের পাশে এসে দাঁড়ায়। তখন সাদাপোশাকে পাঁচ থেকে সাতজন পুলিশ এসে তাঁদের গাড়ি ঘুরিয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির কাছে নিতে বলে। এর আগেই কয়েক নেতা-কর্মী বাস থেকে নেমে গেছেন। বাসে সে সময় ছাত্রদল ও যুবদলের ১১ নেতা-কর্মী ছিলেন। পুলিশ তাঁদের আটক করে।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, তাঁরা বেআইনি জনসমাবেশ, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন। এ অভিযোগে তাঁদের নামে মামলা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, বেআইনি জনসমাবেশ বা সরকারি কাজে বাধাদান বা পুলিশের ওপরে হামলার কোনো ঘটনা সেখানে ঘটেনি। বিনা উসকানিতে পুলিশ তাঁদের নেতা-কর্মীদের আটক করেছে। তাঁরা সমাবেশ থেকে এসে ওখানে নামছিলেন।