আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, সীতাকুণ্ডে ২০ কিলোমিটারজুড়ে যানজট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শুক্রবার রাত ১০টার দিকেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দেড় ঘণ্টা অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন তাঁরা।

পরে রাত সোয়া ১০টার দিকে হাইওয়ে ও থানা-পুলিশের অনুরোধে তাঁরা মহাসড়ক থেকে সরে যান। এ অবরোধের কারণে মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদর থেকে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকেরা।

এর আগে দুপুরে জুমার নামাজ শেষে একই এলাকায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

তখনো মহাসড়কে যানজটে আটকা পড়ে গরমের মধ্যে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় আসেন। এরপর তাঁরা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। মহাসড়কে তাঁরা প্রায় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন। পরে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন তাঁরা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত মো. আলমগীর প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এ যানজট নিরসনের কাজ শুরু করে। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী ও চালকেরা।