যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমানফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন। গতকাল সোমবার রাতে যশোর জেলা বিএনপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ বিষয়ে প্রতিমন্ত্রী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সুসংবাদ!! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। (সম্ভাব‍্য তারিখ-২৭ এপ্রিল ২০২৬)।’

এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম প্রথম আলোকে জানান, যশোরের শার্শা উপজেলার উলশী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শেষে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম যশোর সফর।

যশোর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলশী-যদুনাথপুর খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হয়। তবে ১৫ বছরেও হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য পাঁচ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে যেতে হয়। মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয় মানুষের।

এদিকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন। ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই খালের খননকাজ শুরু করেছিলেন। এটি ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে গেছে।