ভোটের ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে: আমীর খসরু

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বিকেলেছবি: প্রথম আলো

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রতিপক্ষ বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে, বেহেশতের টিকিট বিক্রি করে, মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে যায়। এখন আবার সিল ধরা পড়ছে। এগুলো তো সমস্যা। তাই আমাদের চোখ–কান খোলা রাখতে হবে। এখন থেকে শুরু করে ১২ তারিখ ভোটের ফলাফল না আসা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’

আজ রোববার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন। এ সময় নাজমুল মোস্তফা আমিন উপস্থিত ছিলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য রাজনীতি করে। এ বিষয়ে বিএনপি কখনো কারও সঙ্গে আপস করেনি। বাকি সব দল কমবেশি আপস করেছে। বিএনপির পথ দুটি—গণতন্ত্র ও উন্নয়ন। এ দেশের প্রত্যেকটি মানুষের জন্য বিএনপির পরিকল্পনা আছে। আগামী দিনে বাংলাদেশে যে উন্নয়ন হবে, তার সুফল প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে যাবে।’

আগামী দিনের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিশাল ব্যবধানে জয়লাভ করবে, এমন আশাবাদ ব্যক্ত করে আমীর খসরু আরও বলেন, ‘বাংলাদেশ অগণতান্ত্রিক শক্তির হাতে যাবে না। বাংলাদেশ কোনো সন্ত্রাসীর হাতে যাবে না। যারা সবার আগে বাংলাদেশে বিশ্বাস করে, তাদের হাতেই বাংলাদেশ থাকতে হবে। তাই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আগামী ১২ তারিখ ভোটের দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য ফৌজুল কবিরের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, সদস‍্য ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী প্রমুখ।