খুলনা স্টেশনে নেই হেল্পডেস্ক, টিকিট কাটতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থাকা নির্দেশনা দেখে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছেন দুই ব্যক্তি। আজ দুপুরে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে শ্রমিকের কাজ করেন লক্ষ্মীগোড়। কয়েক দিন আগে খুলনায় বেড়াতে এসেছিলেন। ফিরবেন আগামীকাল বৃহস্পতিবার সকালের ট্রেনে, এমনটাই পরিকল্পনা তাঁর। আজ বুধবার সকালে খুলনা রেলস্টেশনে এসেছিলেন টিকিট কাটতে। কিন্তু টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশন করার নতুন পদ্ধতির কারণে তিনি টিকিট কাটতে পারছেন না।

দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনে গিয়ে দেখা যায়, তিনি ঘোরাঘুরি করছেন টিকিট কাটার জন্য। বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন রেজিস্ট্রেশন করতে, কিন্তু কেউ তাঁকে সহায়তা করছেন না। সবাই নিজেদের মতো ব্যস্ত। এই প্রতিবেদককে দেখে তিনি এগিয়ে এসে বলেন, তিনি অশিক্ষিত মানুষ। সঙ্গে জাতীয় পরিচয়পত্র নেই। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তা–ও বুঝতে পারছেন না। গতকাল মঙ্গলবার একবার এসেছিলেন, তখনও রেজিস্ট্রেশন করার কথা বলা হয়। রেজিস্ট্রেশন ছাড়া নাকি টিকিট দেবে না। এ কারণে তখন চলে গিয়ে আজ আবার এসেছেন।

লক্ষ্মীগোড়ের কথা শুনে স্টেশনের সব জায়গায় খুঁজেও কোনো হেল্পডেস্ক পাওয়া যায়নি। তবে স্টেশনের যেখানে টিকিট বিক্রি করা হয়, সেই কাউন্টারের সামনে একটি প্যানাফ্লেক্স লাগানো। তাতে জাতীয় পরিচয়পত্র দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তা লেখা রয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী অনেকেই রেজিস্ট্রেশন করছেন। তবে যাঁরা মুঠোফোনের ব্যবহার খুব বেশি করতে পারেন না, তাঁরা পড়ছেন বিপাকে। অনেকে কয়েকবার নির্ধারিত নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও রেজিস্ট্রেশন করতে পারছেন না। এতে অনেকেই ক্ষোভ ঝাড়ছেন সরকারের ওপর, অনেকে ক্ষোভ ঝাড়ছেন রেলওয়ের ওপর।

অনেকে কয়েকবার নির্ধারিত নম্বরে এসএমএস পাঠিয়েও রেজিস্ট্রেশন করতে পারছেন না। এতে অনেকেই ক্ষোভ ঝাড়ছেন সরকারের ওপর, অনেকে ক্ষোভ ঝাড়ছেন রেলওয়ের ওপর।

স্টেশনে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছিলেন মো. আমানুল্লাহ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। ঢাকায় যেতে ট্রেনের টিকিট লাগবে তাঁর। আমানুল্লাহ বলেন, ‘এখানে যেভাবে নির্দেশনা দেওয়া আছে, সেখানে বেশ কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু রেজিস্ট্রেশন কনফার্ম হচ্ছে না। কেন হচ্ছে না, তা বুঝতে পারছি না। কারও কাছে গিয়ে যে জিজ্ঞাসা করব, তেমন কাউকে পাচ্ছি না। আসলে এই পদ্ধতি মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া আর কিছু নয়।’

জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়া ট্রেনের টিকিট নয়—আজ ১ মার্চ থেকে সারা দেশে এই ব্যবস্থা চালু হয়েছে। এ অবস্থায় বিদেশি নাগরিকদের ট্রেনে ভ্রমণের জন্য পাসপোর্ট দেখিয়ে টিকিট কাটতে হবে। এই ব্যবস্থাকে ‘টিকিট যার, ভ্রমণ তার’ বলে প্রচার করছে বাংলাদেশ রেলওয়ে। একটি রেজিস্ট্রেশন দিয়ে একটিই টিকিট কাটা যাবে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, টিকিট কালোবাজারি বন্ধ করতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের অংশ এটি।

খুলনা রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে মানুষের দীর্ঘ লাইন। আজ দুপুরে
ছবি: প্রথম আলো

চিত্রা এক্সপ্রেসে যশোর যাওয়ার জন্য টিকিট কাটতে খুলনা রেলস্টেশনে সকাল ১০টার দিকে এসেছিলেন মো. সোহেল হাওলাদার। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে টিকিট হাতে পেয়েছেন তিনি। এ সময় কথা হলে সোহেল হাওলাদার বলেন, ‘সকালে এসে টিকিট কাটার জন্য প্রথমে লাইনে দাঁড়াই। সেই লাইন যখন কাউন্টারের সামনে গিয়ে পৌঁছে, তখন জানানো হয় রেজিস্ট্রেশন ছাড়া টিকিট দেওয়া যাবে না। এরপর সেখান থেকে বেরিয়ে কাউন্টারের সামনে থাকা নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করার চেষ্টা করি। সেটি করতেই কেটে যায় প্রায় আধা ঘণ্টা। এরপর আবার লাইনের মাথায় গিয়ে দাঁড়াতে হয়। সব মিলিয়ে টিকিট কাটতে আড়াই ঘণ্টারও বেশি সময় লেগেছে। বাসে খুলনা থেকে যশোর যেতেও অত সময় লাগে না। স্টেশনে একটি হেল্পডেস্ক থাকলে এমন সমস্যায় পড়তে হতো না।’

স্টেশনে কেন হেল্পডেস্ক নেই, সে ব্যাপারে কথা বলার জন্য স্টেশনের কোনো কর্মকর্তা কিছু বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কেন হেল্পডেস্ক করা হয়নি, সে ব্যাপারে স্টেশনমাস্টারই ভালো বলতে পারবেন। তবে নতুন পদ্ধতির ফলে মানুষের ভোগান্তি অনেক বাড়বে। অনেকেই টিকিট কাটতে পারছেন না বলে অভিযোগ করছেন। সে ক্ষেত্রে স্টেশনে একটি হেল্পডেস্ক খুবই প্রয়োজন হয়ে পড়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য খুলনা রেলওয়ের স্টেশনমাস্টার মানিক চন্দ্র সরকারের কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।