জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের মানববন্ধন

মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতা-কর্মী। কর্মসূচিতে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মানববন্ধনের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তবে এই মানববন্ধন ঠিক কখন করা হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় নেতা-কর্মী। তাঁদের মধ্যে শাখা ছাত্রলীগের কর্মী ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী এম এইচ লালন, রসায়ন বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী মো. সজিবের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের মধ্যে একজনের মাথায় হেলমেট ও আরেকজনের মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ছয়টি আলাদা পোস্টার দেখা গেছে। এসব পোস্টারে তাঁরা ছয় দফা দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা মাত্রই জানতে পেরেছি। তবে ঘটনাটি কখন ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত বলতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘নিরাপত্তা শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা (ছাত্রলীগ) কখন কী করে, সে বিষয়ে সজাগ থাকতে। ছাত্রলীগের মানববন্ধনের একটি ছবি আমরা দেখেছি। সিসিটিভি ফুটেজ দেখতে বলেছি। ফুটেজ পেলে তারা কখন কর্মসূচি পালন করেছে, সেটি নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারব।’