ছাগলে খেয়েছে বাদামপাতা, মালিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
কক্সবাজারের চকরিয়ায় পাঁচ সন্তানের মাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিবেশীর উঠানে থাকা বাদামপাতা ছাগলে খাওয়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত নারীর নাম কুলছুমা বেগম (৪০)। তিনি পাহাড়তলী এলাকার নুর মোহাম্মদের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের মা।
স্থানীয় লোকজন বলেন, কুলছুমা বেগম একটি ছাগল লালন-পালন করতেন। গতকাল দুপুরে পাশের বাড়ির মোহাম্মদ হারুনের উঠানে রাখা বাদামপাতা খায় কুলছুমার ছাগল। হারুন মাতামুহুরী নদীর চরে বাদামের চাষ করেছিলেন। খেত থেকে বাদাম তোলার পর পরিত্যক্ত পাতা তাঁর গরুর জন্য এনে উঠানে রাখেন। সেই পাতা খাওয়ার পর ক্ষিপ্ত হয়ে হারুন ছাগলটিকে বেঁধে রাখেন। তখন কুলছুমার স্বামী নুর মোহাম্মদ বিচার নিয়ে যান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হানিফের কাছে।
মোহাম্মদ হানিফ বলেন, গতকাল সন্ধ্যায় সালিস ডেকে কুলছুমার ছাগল তাঁকে বুঝিয়ে দেওয়া হয়। তিনি ছাগল নিয়ে বাড়ি চলে যান। এ ঘটনার জের ধরে রাতে হারুনের পরিবারের লোকজনের সঙ্গে কুলছুমার পরিবারের লোকজনের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। ওই সময় কুলছুমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুরাজপুর-মানিকপুর ইউপির চেয়ারম্যান আজিমুল হক বলেন, মীমাংসিত একটি বিষয় নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে কুলছুমা নিহত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশের ময়নাতদন্ত হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার দিলে মামলা হবে।