সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করলেন নাসিম আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। গতকাল রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: সংগৃহীত

নওগাঁয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সদস্য শফিকুর রহমানের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও তাঁর নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা নাসিম আহমেদ বলেন, ‘বুধবার নওগাঁ জেনারেল হাসপাতালে একটি সংঘর্ষের ঘটনায় আমার নাম জড়িয়ে পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি সেই ঘটনা ঘটাইনি। আমি সেখানে যাইনি। অথচ পত্রিকায় আমার নামটাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

গত বুধবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল চত্বরে শফিকুর রহমানকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় শফিকুর রহমানের ছোট ভাই শাফিউর রহমান ওই দিন সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় অভিযোগ করেন। কিন্তু বিষয়টি এখনো মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। শফিকুর রহমান ও তাঁর সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে নাসিম আহমেদের নির্দেশে এ হামলা চালানো হয়।

আরও পড়ুন

এ ঘটনাকে কেন্দ্র করে গতকালের সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বলেন, ‘হাসপাতালে যে ঘটনা ঘটেছে; আমার ধারণা, নওগাঁতে হাসপাতালকেন্দ্রিক দু-চারটা মাথা আছে। কেউ হাটবাজারের ইজারাদারগিরি করে, কেউ ব্রিজ-কালভার্ট বানায়। তারা কন্ট্রাক্টারি-টেন্ডারবাজি করে অনেক অনেক টাকা কামিয়েছে। এদের মধ্যেই কোনো সমস্যা হওয়াতে এই ঝামেলা হয়েছে।’

তিনি বলেন, ‘ওই দিন হাসপাতাল এলাকায় কোনো সাংবাদিক, গোয়েন্দা সংস্থার সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা টেন্ডার–সংক্রান্ত কোনো কর্মকর্তা-কর্মচারী আমাকে যদি এক সেকেন্ডের জন্য সেখানে দেখে থাকেন, তাহলে আমি রাজনীতি থেকে চিরবিদায় জানিয়ে পদত্যাগ করে চলে যাব। আমি এ ঘটনা ঘটাইনি। আমি যাইনি। অথচ প্রথম আলো পেপার, বাংলাদেশের একটা প্রথম পর্যায়ের পত্রিকায় ভিত্তিহীনভাবে আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে।’

হাসপাতালে সংঘর্ষের ঘটনার অনুসন্ধান করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ওই আওয়ামী লীগ নেতা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

হামলার শিকার আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বলেন, ‘প্রকাশ্য দিবালোকে হাসপাতালের করিডরে আমার ওপর হামলা চালানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখলে হামলাকারীদের চেনা যাবে। হামলার পর নাসিমের সন্ত্রাসী বাহিনী মুক্তির মোড়ে আমার অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর করে। এরপরও পুলিশ রহস্যজনক কারণে মামলা রেকর্ড করছে না।’

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সান বিন আহসান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের বিষয়টির সত্যতা পেলে বিষয়টি মামলা হিসেবে রেকর্ড করা হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন