প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেওয়া তরুণী কষ্টে আছেন
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া তরুণী ভীষণ কষ্টে আছেন। ১৩ দিন ধরে অন্ধকার একটি ঘরে বন্দী অবস্থায় আছেন। এ সময়ে তাঁর দাবি মেনে নেওয়া তো হয়নি, উল্টো তাঁকে মারধর করা হয়েছে। উপজেলার মানিকপটল গ্রামে প্রেমিক সেলিম রেজার বাড়িতে ১০ আগস্ট থেকে অবস্থান নিয়েছেন তিনি।
প্রেমিক সেলিম রেজা গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপটল গ্রামের আজগর আলীর ছেলে। তিনি ঢাকায় একটি সরকারি দপ্তরে অফিস সহায়ক পদে চাকরি করেন। মেয়েটির বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগোয়াল বাথান গ্রামে। ওই তরুণী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তরুণীর দাবি, সম্পর্কে তাঁরা নিকটাত্মীয়। সেই সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই তরুণী সেলিম রেজাকে বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যেতে থাকেন। এ কারণে ওই তরুণী সেলিম রেজার গ্রামের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন।
এ ঘটনার পর প্রেমিক সেলিম রেজা পলাতক ও তাঁর পরিবারের লোকজন আত্মগোপনে আছেন। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নিচ্ছে না।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই বাড়ির প্রধান গেটে তালা দিয়ে পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন। ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই মেয়েটি বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বাইরে থেকেও ভেতরে যোগাযোগের কোনো সুযোগ নেই।
বাড়ির প্রধান গেটে তালা দেওয়ার আগে ১১ আগস্ট ঘটনাস্থলে গেলে ওই তরুণী প্রথম আলোকে বলেছিলেন, প্রায় ছয় বছর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক। একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। এখন সেই সম্পর্ক অস্বীকার করছেন প্রেমিক। তাঁর পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। বাধ্য হয়েই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনি অবস্থান নিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, মেয়েটি আসার পর থেকে ওই বাড়ির লোকজন বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে সারা দিন পালিয়ে থাকেন। রাত হলে তাঁরা বাড়িতে ফিরে আসেন। তাঁরা ওই তরুণীকে খাবার দিচ্ছেন না। মেয়েটি যে ঘরে অবস্থান নিয়েছেন, সেই ঘরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে অন্ধকারে থাকতে হচ্ছে তাঁকে।
রাতের বেলায় তাঁকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করেন বাড়ির লোকজন।
পলাতক থাকায় এ বিষয়ে প্রেমিক সেলিম রেজার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও পর্যন্ত বন্ধ পাওয়া যাচ্ছে। এ ছাড়া সেলিম রেজার স্বজনেরা আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে ধুনট থানার এএসআই আবদুল আজিজ বলেন, ‘এ ঘটনায় মেয়েটিকে মামলা করতে বলা হয়েছে। কিন্তু তিনি মামলা করছেন না। এ কারণে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। তবে প্রতিদিনই মেয়েটির খোঁজখবর নেওয়া হচ্ছে।’