প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

চাঁদপুরের মতলব উত্তর প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন। গতকাল রোববার সকালে উপজেলার গাজীরগাছখোলা গ্রামেছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক সৌদিপ্রবাসীর বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে পরিবারের সদস্যদের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন গতকাল রোববার সকালে এলাকায় মানববন্ধন করেন।

প্রায় দুই সপ্তাহ আগে ওই বাড়ির প্রবেশপথে বেড়াটি দেওয়া হয়। তবে জামায়াতের ওই নেতার দাবি, যে জমিতে বেড়া দেওয়া হয়েছে, সেটি তাঁর পারিবারিক কবরস্থান।

জামায়াতের ওই নেতার নাম আবদুল হাই শিকদার। তাঁর বাড়ি উপজেলার গাজীরগাছখোলা গ্রামে। তিনি গাজীপুর মহানগর জামায়াতের কার্যকরী কমিটির সদস্য। মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র প্রার্থী। ভুক্তভোগী ব্যক্তির নাম মামুন মোল্লা। তাঁর বাড়িও গাজীরগাছখোলা গ্রামে। তিনি সৌদি আরবে থাকেন। বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা থাকেন।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে মামুন মোল্লার বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেন আবদুল হাই শিকদার। এতে মামুনের পরিবারের সদস্যদের চলাচল বন্ধ হয়ে যায় এবং বাড়িতে তাঁরা অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসাও বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও সুরাহা হয়নি।

বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে ওই এলাকায় মানববন্ধন হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও এলাকার লোকজন এর আয়োজন করেন। এতে মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তারসহ আরও কয়েকজন বক্তব্য দেন।

আঁখি আক্তার বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে। বাড়িতে তাঁর স্কুলপড়ুয়া ছেলে ছাড়া আর কোনো পুরুষ থাকেন না। এ সুযোগ কাজে লাগিয়ে দুই সপ্তাহ আগে জামায়াতে ইসলামীর ওই নেতা তাঁর বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেন। এতে বাড়ি থেকে তাঁরা বের হতে পারছেন না। বিষয়টি স্থানীয় লোকজন ও পুলিশকে জানিয়েছেন। আজ সোমবার সকালে থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগের ব্যাপারে জামায়াতে ইসলামীর নেতা আবদুল হাই শিকদারের মুঠোফোন নম্বরে আজ দুপুরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে গতকাল তাঁর ফেসবুক আইডি থেকে নিজের ছবিসহ একটি পোস্ট দিয়ে তিনি দাবি করেন, ‘যে জমিতে বেড়া দেওয়া হয়েছে, সেটি আমার পারিবারিক কবরস্থান। গাজীরগাছখোলার রুবেল, বাবুল, জিয়া গং আমার জায়গা জোর করে দখল করে পাকা রাস্তা নির্মাণ করতে চায়। এটি অন্যায়।’

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার বিষয়টি জানেন কুমিল্লা (দক্ষিণ) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবদুল মোবিন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যে জায়গায় তাঁর দলের ওই নেতা বাঁশের বেড়া দিয়েছেন, সেটি তাঁরই জায়গা। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি সত্য নয়। তবু বিষয়টি খতিয়ে দেখবেন।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া মুঠোফোনে বলেন, এ ঘটনায় আজ সকালে প্রবাসীর স্ত্রী আঁখি আক্তার এবং ওই জামায়াত নেতার পক্ষে একজন থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করছেন। স্থানীয়ভাবে এটি মীমাংসার জন্যও উভয় পক্ষকে পরামর্শ দিয়েছেন।