নিকলী হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে নেমে গাজীপুর থেকে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে তিনি নিখোঁজ হন। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শফিকুল ইসলাম (২৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে বেড়াতে গিয়ে গোসলের জন্য নৌকা থেকে পানিতে লাফ দেন শফিকুল। এ সময় হাওরের স্রোতের পানিতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
নিকলীর সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।