কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের চুরি যাওয়া ৬৫ লাখ টাকার যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি যাওয়া যন্ত্রপাতিসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার রাতে কিশোরগঞ্জের সিআইডি কার্যালয়ে
ছবি: তাফসিলুল আজিজ

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের চুরি যাওয়া ৬৫ লাখ টাকার যন্ত্রপাতিসহ ঢাকার আগারগাঁও থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাতে কিশোরগঞ্জের সিআইডি পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ এলাকায় অবস্থিত কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের রেটিনা (চক্ষু) বিভাগে গত ১২ মে রাতে চুরি হয়। দুর্বৃত্তরা সেখান থেকে লেজার, ওসিটি মেশিন, ২টি ল্যাপটপসহ ৬৫ লাখ ৮৩ হাজার টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালটির প্রশাসক মাহসুরা খন্দকার গত ৭ জুন কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন। ২৫ জুন মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পান সিআইডির পরিদর্শক মুহাম্মদ লুৎফর রহমান। গত শনিবার রাতে তাঁর নেতৃত্বে ঢাকার আগারগাঁও এলাকার এফ এম রেজাউল করিমের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে হাসপাতালের চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এ সময় এফ এম রেজাউল করিম, আরিফুর রহমান ওরফে রাব্বি ও রবিউল ইসলাম ওরফে নবীকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতালটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সোহাগ আহমেদ বলেন, যন্ত্রগুলো বিদেশি একটি সংস্থার মাধ্যমে হাসপাতালে দেওয়া হয়। যেসব যন্ত্রপাতি চুরি হয়েছিল, এসব যন্ত্র বাংলাদেশে মাত্র ছয়টি প্রতিষ্ঠানে আছে। এর মধ্যে বৃহত্তর ময়মনসিংহে একটি প্রতিষ্ঠানে রয়েছে। দামি যন্ত্রপাতি হওয়ায় হাসপাতালের কিছু অসাধু লোকের সহায়তায় চুরির ঘটনা ঘটে। আরও দুটি ল্যাপটপসহ কিছু জিনিস এখনো উদ্ধার হওয়া বাকি রয়েছে। সব মিলিয়ে প্রায় ৮০ লাখ টাকার বেশি জিনিসপত্র চুরি হয়েছিল।