নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে: কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী নির্বাচনও দেশে সংবিধান অনুযায়ী হবে। চেষ্টা করব বিএনপিকে নির্বাচনে আনার। না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে। গত তিনটি নির্বাচনে বিএনপির চরম বিপর্যয় হয়েছে। তাদের কর্মকাণ্ড দেখে আমার মনে হয়, আগামী নির্বাচনে চতুর্থবারের মতো বিএনপির বিপর্যয়ের সময় এসে গেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপির অস্তিত্বের স্বার্থে তাদের নেতারা একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসতে বাধ্য হবে।’
আজ শনিবার সকালে টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে মানুষ খুবই খুশি। মানুষ উন্নয়নের প্রশংসা করছে। স্বাধীনতার লক্ষ্য ছিল, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশ নির্মাণের। সে লক্ষ্যেই দেশ এগিয়ে চলেছে। কাজেই দেশের জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।’
পোলট্রি মুরগির দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনার শুরু থেকে দীর্ঘদিন পোলট্রি ব্যবসায়ী, খামারি, উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, লোকসান দিচ্ছিলেন। হঠাৎ করে এবার দুই মাস ধরে পোলট্রি মুরগির দাম অনেক বেশি। শোনা যাচ্ছে, তৃণমূলের প্রান্তিক খামারিরাও ঠিকমতো দাম পাচ্ছেন না। বিষয়টি আমি সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তুলে ধরব। এমন একটা নীতি আমাদের নির্ধারণ করতে হবে, যার মাধ্যমে পোলট্রির দাম সহনশীল রাখা যাবে, যাতে তা নিম্ন আয়ের, সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং একই সঙ্গে ব্যবসায়ী, খামারি ও উদ্যোক্তারা লাভবান হন।’
কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য খন্দকার মমতা হেনা, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, কলেজের উপাধ্যক্ষ আবদুল করিম মিঞা প্রমুখ বক্তব্য দেন।