শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের কনুই ফাটিয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে বা হাতের কনুই ফেটে যাওয়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ নাসিমকে চিকিৎসা দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুরে কালশিমাটি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ডাস্টার দিয়ে আঘাত করে সপ্তম শ্রেণির এক ছাত্রের হাতের কনুই ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটায় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মোহাম্মদ নাসিম (১৩) আবদুল খালেকের ছেলে। ঘটনার পর ওই ছাত্রকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নাসিমের বাবা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ওই ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, আজ সপ্তম শ্রেণির গণিত ক্লাস নিচ্ছিলেন শিক্ষক হারুন অর রশিদ। ক্লাস চলাকালে শিক্ষকের দেওয়া একটি অঙ্ক ভুল করে নাসিম। এ ঘটনায় ওই শিক্ষক প্রথমে তাকে শ্রেণিকক্ষের বেঞ্চের ওপর দুই হাত দিয়ে দুই কান ধরে রাখার শাস্তি দেন। একপর্যায়ে নাসিম তার হাত কান থেকে সরিয়ে নিলে শিক্ষক হারুন অর রশিদ দেখতে পান। পরে তিনি শ্রেণিকক্ষের ভেতরেই ছাত্রের বাঁ হাতের কনুইয়ে পরপর তিনবার ডাস্টার দিয়ে আঘাত করেন। এতে ওই ছাত্র শ্রেণিকক্ষের ভেতরে মেঝেতে পড়ে যায়। এ সময় সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওই ছাত্রের বাবা প্রথম আলোকে বলেন, শিক্ষক ডাস্টার দিয়ে আঘাত করে তার ছেলের বাঁ হাতের কনুই ফাটিয়ে দিয়েছেন। একজন শিক্ষক এভাবে নির্দয় হতে পারেন, তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তিনি এ ঘটনার বিচার চান। ছেলেকে চিকিৎসা দিয়ে বিকেল পাঁচটায় বাড়ি নিয়ে এসেছেন। তিনি এ বিষয়ে থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দেবেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান বলেন, ওই ছাত্রের কনুই ফেটে গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
ওই শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য শিক্ষক হারুন অর রশিদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চাকী প্রথম আলোকে বলেন, ওই ছাত্রের এভাবে আহত হওয়ার ঘটনা তিনিও শুনেছেন। বিকাল চারটায় বিদ্যালয়ে ক্লাস শেষে এ বিষয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা হয়েছে।

শিক্ষকদের ওই আলোচনার সময় ওই ছাত্রকে প্রহার করার ঘটনা নিয়ে শিক্ষক হারুন অর রশিদ বলেছেন, ওই ছাত্র শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে শ্রেণিকক্ষের মধ্যে পড়ে যায়। এ কারণে ছাত্রের বাঁ হাতে আঘাত লেগে থাকতে পারে। তিনি ওই ছাত্রকে ডাস্টার দিয়ে মারেননি।

এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক বিষয়টি তাঁকে জানিয়েছেন। বিষয় নিয়ে আগামীকাল বুধবার তদন্ত করা হবে। এ ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।