সুনামগঞ্জে ঐতিহ্যের স্মারক ‘পুরান ডাকবাংলো’র সংস্কারকাজ দুই বছরেও শেষ হয়নি
সুনামগঞ্জের মানুষের কাছে ‘পুরান সার্কিট হাউস’ বা ‘পুরান ডাকবাংলো’ নামে পরিচিত স্থাপনাটি। ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ—তিন আমলের নানা ইতিহাসের সাক্ষী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয় এখান থেকেই। কিন্তু কালের যাত্রায় শতবর্ষী এই স্থাপনা তার পুরোনো রূপ হারিয়ে ফেলেছে।
এ অবস্থায় ঐতিহ্যের স্মারক হিসেবে ভবনটি অবিকল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় দুই বছর আগে। শুরু হয় ভবন সংস্কারের কাজ। কিন্তু দুই বছরেও কাজ শেষ হয়নি। কাজ চলছে ঢিমেতালে। পুরোনো অবয়ব ঠিক রেখে সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন।
প্রশাসন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মেসার্স আতিকুর রহমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কারকাজ করছে। প্রায় এক কোটি টাকার এই কাজ শুরু হয় ২০২১ সালের প্রথম দিকে। কাজ শুরু হওয়ার পর ভবনের আকৃতি পরিবর্তন করায় শহরের সচেতন মহলে ক্ষোভ দেখা দেয়। পরে তৎকালীন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদাসহ শহরের সুধীজনদের নিয়ে কাজ পরিদর্শন করেন। সেদিন সবাইকে নিয়ে সিদ্ধান্ত হয়, পুরোনো অবয়ব ঠিক রেখেই সংস্কারকাজ হবে। একই সময় দ্রুত কাজ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। কিন্তু শুরু থেকেই কাজ চলছে ধীরগতিতে।
সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকায় এই সার্কিট হাউস ভবনের অবস্থান। সুনামগঞ্জে একসময় রাজনৈতিক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা এলে এই ডাকবাংলোয় বিশ্রাম বা রাত যাপন করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সরোজিনী নাইডু, পণ্ডিত জওহরলাল নেহরু এই ডাকবাংলোতে বিভিন্ন সময় অবস্থান করেছেন।
তবে শতবর্ষ আগের ছবিতে দেখা যায়, ভবনের সামনে খোলা প্রান্তর। টিনশেড উঁচু ভবনের সামনের প্রশস্ত বারান্দায় কাঠের রেলিং ছিল। ছিল দুই পাশ থেকে ভবনে প্রবেশের কাঠের সিঁড়ি। মাটি থেকে দুই বা তিন ফুট ওপরে ছিল কাঠের পাটাতন। নিচটা ছিল খোলা। বিশেষ ধরনের নির্মাণশৈলীর কারণে এটিকে বলা হতো ‘আসাম-টাইপ’ ভবন। কিন্তু এখন কাঠের পাটাতন, সামনের রেলিং নেই। নিচটাও ভরাট করা। ওপরের অংশটা আছে পুরোনো আদলেই।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভবনটির সংস্কারকাজে মাত্র তিনজন শ্রমিক কাজ করছেন। এর মধ্যে দুজন বাইরের সীমানাপ্রাচীরে টাইলস লাগানোর কাজ করছেন। আরেকজন সীমানাপ্রাচীরের ভেতরে থাকা টেনিস গ্রাউন্ড পরিষ্কার করছেন। মূল ভবনের ওপরের টিনের চালার কাজ শেষ। ভবনের সিঁড়ির কাজ এখনো বাকি আছে। সামনের রাস্তার কাজও শেষ হয়নি। মূল চত্বরের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের কথা, সেটিও করা হয়নি। ভবনসহ পুরো চত্বরের সৌন্দর্যবর্ধনের কাজ করার কথা থাকলেও সেটিও হয়নি। কাজ শেষ হতে কত দিন লাগবে, সেটি বলতে পারেননি শ্রমিকেরা।
সুনামগঞ্জে ১৯৯৩ সালে নতুন আরেকটি সার্কিট হাউস হয়। এরপর পুরোনো সার্কিট হাউসের কদর কমে এটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। একসময় দাবি ওঠে এটি সংরক্ষণের। গত বছর সুনামগঞ্জের বাসিন্দা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান কবি ও গবেষক মোহাম্মদ সাদিক মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে এই সার্কিট হাউস ভবন সংরক্ষণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুরোধপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতেই প্রায় এক কোটি টাকা ব্যয়ে ডাকবাংলোটি সংস্কার ও সংরক্ষণের কাজ শুরু হয়।
জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ বলেন, ‘দুই বছর ধরে দেখছি কিছুদিন কাজ হওয়ার পর বন্ধ থাকে। আবার কাজ হয়। কাজে গতি নেই। দ্রুত কাজটি শেষ করা উচিত।’
শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা লেখক-গবেষক কল্লোল তালুকদার বলেন, এই স্থাপনার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, সুনামগঞ্জের মানুষের আবেগ-অনুভূতি জড়িয়ে আছে। কিন্তু এটির কাজে ঠিকাদার কিংবা সরকারি সংশ্লিষ্ট দপ্তর তেমন গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না।
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘কাজটি কেন শেষ হচ্ছে না, এটিই বুঝতে পারছি না। আমরা বিষয়টি নিয়ে বিভিন্নভাবে কথা বলছি। কিন্তু যাঁরা এটি তদারকির দায়িত্বে আছেন, তাঁরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন বলে মনে হচ্ছে না।’
কাজের ঠিকাদার আতিকুর রহমান বলেন, ‘আমরা কাজ করছি। এখন কাজ শেষ পর্যায়ে আছে। ঈদের পর বাকি কাজ দ্রুত শেষ করা হবে।’
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ‘কাজে আমাদের তদারকি আছে। আমরা গুরুত্ব দিয়েই দেখছি। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’