ঝালকাঠিতে জোড়া খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ২১ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিহত আবদুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা করেন। মামলায় বর্তমান ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের জগইরহাট এলাকায় আবদুর রব হাওলাদার (৫৫) ও তাঁর ভাতিজা বেলায়েত হোসেনকে (৪০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তিদের মধ্যে আবদুর রব হাওলাদার শুক্তাগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। এ ঘটনায় আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকার মো. সজল হোসেন (২১), মো. মিজান (৪১) ও  মো. শাহজাহান খলিফা (৪৮) এবং খুলনার দৌলতপুর রেলগেট এলাকার মো. হাসান (২১)।

মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল রাতে সাবেক ইউপি সদস্য আবদুর রব হাওলাদার ও তাঁর চাচাতো ভাই বেলায়েত হাওলাদার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মামলার আসামিরা আবদুর রব ও বেলায়েতকে চায়নিজ ছুরি, রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। শুক্তাগড় ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলামের নির্দেশে ওই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য সাইফুল ইসলাম পলাতক। তাই অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, মামলার চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এদিকে নিহত দুজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।