অসুস্থ স্বজনকে দেখতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অসুস্থ স্বজনকে দেখতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দেবনগর ইউনিয়নের বাসামোড় এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নুর ইসলাম (৪৮) ও তাঁর স্ত্রী জোসনা বেগম (৪২)। তাঁরা তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচণ্ডী এলাকার বাসিন্দা। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে আছে।
নিহত নুর ইসলামের ভাগনে জাহিরুল ইসলাম বলেন, ‘গতকাল সন্ধ্যার পর আমার মামা-মামি তেঁতুলিয়া হাসপাতালে এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কা দেওয়ায় দুজনই মারা গেছেন। এভাবে একসঙ্গে দুজনের মৃত্যু খুবই কষ্টের। তাঁদের তিন ছেলে–মেয়ে এতিম হয়ে গেল।’
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নুর ইসলামের ভায়রা (শ্যালিকার স্বামী) অসুস্থতার কারণে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল রাতে তাঁকে দেখতে বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী জোসনা বেগমকে নিয়ে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন নুর ইসলাম। তাঁরা উপজেলার নিজবাড়ি-বাসামোড় এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে আসা পঞ্চগড়গামী একটি কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে স্বামী-স্ত্রী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, নিহত স্বামী-স্ত্রীর লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান। আর কাভার্ড ভ্যানের চালক নজরুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।