গ্রামে ট্রাক নিয়ে ডাকাতির চেষ্টা সন্দেহে পিটুনি, একজন নিহত, আহত ৭
রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর পিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত দেড়টার দিকে পুঠিয়া উপজেলার চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। বিষয়টি টের পেয়ে তাঁরা ধাওয়া করে আটজনকে আটক করেন। পরে তাঁদের পিটুনি দেওয়া হয়।
আজ সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহত আটজনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে মো. শাহীন (৫৫) নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে।
আহত সাতজনের বাড়ি দেশের বিভিন্ন স্থানে। তাঁদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন পুঠিয়ার চকপলাশী গ্রামের শামীম (৩৫), ঢাকার আশুলিয়ার জিরানি এলাকার কাদের (৫০), রাজশাহীর দুর্গাপুরের মাড়িয়া গ্রামের শাহীন, ঢাকার ধামরাইয়ের নানজেগুড়ি এলাকার খারজাহান (৩৫), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামালের চর গ্রামের সেলিম শেখ (৩০) এবং একই উপজেলার কুটিবয়রা এলাকার মামুন (৪২)।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে দলটি ডাকাতির উদ্দেশ্যে এলাকায় আসে। প্রস্তুতির সময় স্থানীয় লোকজন তাঁদের ধরে ফেলেন। পরে পিটুনির ঘটনা ঘটে। একপর্যায়ে ট্রাকটিও পুড়িয়ে দেওয়া হয়।
আহত ব্যক্তিদের প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস বলেন, আটজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্য সাতজনের মধ্যে ছয়জন ৪ নম্বর ওয়ার্ডে এবং একজন ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। নিহত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হবে।
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ডাকাতদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।