কুয়াকাটায় জেলের জালে কালো পোয়া মাছ, অর্ধলক্ষে বিক্রি

পটুয়াখালীতে জেলের জালে প্রায় ৮ কেজি ওজনের একটি ‘কালো পোয়া’ মাছ ধরা পড়েছে। গতকাল রোববারছবি: প্রথম আলো

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবদুর রহিম মাঝি নামের এক জেলের জালে প্রায় ৮ কেজি ওজনের একটি ‘কালো পোয়া’ মাছ ধরা পড়েছে। স্থানীয়ভাবে মাছটি ‘লম্বু পোয়া’ নামেও পরিচিত।

গতকাল রোববার দুপুরে আলীপুর মৎস্যবন্দরে নিলাম ডেকে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

কালো পোয়া নামে পরিচিত মাছটি বঙ্গোপসাগরের অত্যন্ত দুর্লভ ও মূল্যবান সামুদ্রিক মাছ। একে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বা ‘দাতিনা’ নামেও ডাকা হয়। মাছটির পেটের ভেতরের থলি (এয়ার ব্লাডার) থেকে বিশেষ মূল্যবান ওষুধ তৈরি হয় বলে এর দাম অনেক বেশি।

জেলে আবদুর রহিম মাঝি বলেন, গত শনিবার সকালে তিনি আলীপুর মৎস্যবন্দর থেকে সাগরে মাছ ধরতে যান। দুপুরের দিকে তিনি সাগরে জাল ফেলেন। রাতে জাল টেনে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে তাঁর জালে ধরা পড়ে কালো পোয়া মাছটি। গতকাল দুপুরে মাছটি বিক্রির জন্য আলীপুর মৎস্যবন্দরে নেওয়া হয়। এ সময় নিলাম ডেকে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পি এম মূসা ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

পি এম মূসা বলেন, ‘আমি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করে থাকি। কালো পোয়ার সুইম ব্লাডার অত্যন্ত মূল্যবান হওয়ায় এ মাছের বাজারদর অনেক বেশি।’

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। মূল্যবান হওয়ায় অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ায় নিঃসন্দেহে সুখবর।