লাখ লাখ টাকার বিকিকিনির বাজারে মাছ কুড়িয়ে পেট চলে তামান্নার
চারদিকে তখনো ঠিকমতো ভোরের আলো ফোটেনি। তবে বাগেরহাটের কেবি মৎস্য আড়ত ততক্ষণে ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমে উঠেছে। পাইকারি এই মাছবাজারে ভোর থেকে একদিকে ট্রলারে করে সাগর থেকে ধরা মাছ নিয়ে আসেন জেলেরা। অন্যদিকে ফ্রিজিং গাড়িতে আসে কোল্ডস্টোরেজের মাছ। স্থানীয় বাজারগুলোতে বিক্রির জন্য এখান থেকেই সামুদ্রিক মাছ কিনে নিয়ে যান আশপাশের বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা।
প্রতিদিন লাখ লাখ টাকার বিকিকিনি চলে এই বাজারে। ক্রেতা-বিক্রেতা ছাড়াও আরও এক শ্রেণির মানুষের দেখা মেলে এখানে। তাঁরা ‘মাছ কুড়ানি’ নামে পরিচিত। মূলত জেলেদের কাছ থেকে তাঁরা মাছ চেয়ে নেন। ঘাটে প্রতিটি ট্রলার ভিড়লেই সেখানে মাছের খোঁজে ছুটে যান তাঁরা।
কেবি বাজারের মাছ কুড়ানিদের মধ্যে সর্বকনিষ্ঠ তামান্না আক্তার। তার বয়স ১০ বছর। প্রতিদিন ভোরে কেবি বাজারে গেলেই তামান্নার দেখা পাওয়া যায়। আজ শুক্রবার ভোরেও কেবি বাজারে এসেছিল ছোট্ট তামান্না। তবে আজ সকাল থেকে ট্রলার কম থাকায় খুব বেশি মাছ পায়নি সে। সকাল সাড়ে আটটার দিকে একটি ট্রলারে তৃতীয়বারের মতো মাছ চাইতে যায় তামান্না। ততক্ষণে ওই ট্রলারের সব মাছ শেষ। তবে উষ্কখুষ্ক চেহারার ছোট্ট তামান্নাকে দেখে মায়ায় পড়ে যান জেলেরা। ট্রলারের সব মাছ বিক্রি হয়ে যাওয়ায় কিছু চাল এনে তার হাতে দেন জেলেরা। সেই চাল নিয়ে হাসিমুখে ট্রলার থেকে ঘাটে ওঠে তামান্না। মূলত জালে কেটে যাওয়া মাছগুলো জেলেরা তামান্নার মতো মাছ কুড়ানিদের বিনা মূল্যে দেন। পরে মাছ কুড়ানিরা অল্প দামে মাছগুলো পাইকারি বা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন।
সেখানেই তামান্নার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তামান্না বলে, ‘প্রতিদিন ভোরেই উঠি। তারপর ট্রলার দেখে কেবিতে আসি। ট্রলার আসলেই আমি ঘাটে চলে আসি। এখানে এসে মাছ চাই। কেউ দেয়,আবার কেউ ফিরায় দেয়। মাঝেমধ্যে দুর্ব্যবহারও করে।’
তামান্নার বাবা আলতাব শেখ ঢাকায় থাকতেন। তবে তামান্নার জন্মের আগেই এক দুর্ঘটনায় মারা যান তিনি। এর পর থেকে নানা-নানির কাছে বড় হয়েছে তামান্না। বছর পাঁচেক আগে তামান্নার নানা মারা গেছেন। এর মধ্যে তামান্নার মা রেবা বেগমের অন্যত্র বিয়ে হয়েছে। তাই এখন বড় খালার বাড়িতে নানিকে নিয়ে থাকে তামান্না। তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় রোজ সকালে মাছ কুড়াতে আসতে হয় তামান্নাকে।
তামান্নার প্রতিবেশী ও কেবি বাজারের একটি আড়তের কর্মচারী পেয়ারা বেগম বলেন, ‘ওরা (তামান্না) চাইয়ে-চিনতে চলে। এখানে খালার সঙ্গে থাকে। তবে এখন ভিক্ষা করেই তাদের চালাইতে হয়। ওকে (তামান্না) দেখার কেউ নেই। একটা জন্মনিবন্ধনও করতে পারেনি এখনো। আমি একবার নদীর ওপারের একটা মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিতে চাইছিলাম। কিন্তু জন্মনিবন্ধন না থাকায় পরে আর ভর্তি করতে পারিনি। এইখান থেকে চেয়ে-চিনতে যতটুকু মাছ পায়, তা বিক্রি করে ওকে আবার বাড়িতে দিতে হয়। সেই দিয়ে ওদের সংসার চলে।’
তামান্না বলে, বাড়ির লোকজনই তাঁকে প্রতিদিন এখানে আসতে বলে। এখানে কুড়ানো মাছ বিক্রি করে দিনে ১০০ থেকে ১৫০ টাকা পায়। পুরো টাকাই সে বাড়িতে দিয়ে দেয়। বিকেলবেলা খেলাধুলা করে সময় কাটে। এভাবেই দিন চলে যায়। পড়াশোনার ব্যাপারে জানতে চাইলে তামান্না বলে, ‘স্কুলে তো যাইতে ইচ্ছে করে। কিন্তু কীভাবে যাব?’
কেবি বাজারের লেবার মো. শাহিন শেখ বলেন, ‘তামান্নাকে আরও ছোট থেকে এখানে মাছ চাইতে আসতে দেখি। ওর জন্য যে কিছু করব, আমাদের তো সেই সামর্থ্য নেই। তবে আপনারা যদি কিছু পারেন, কোথাও একটু নাম দিয়ে দেন। আর যদি কিছু দেন, তাহলে ওকেই দেন।’