হল সুপারের পদত্যাগ ও হামলাকারীদের বিচার দাবিতে ছাত্রলীগের এক পক্ষের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলের সুপারের পদত্যাগ ও ‘হামলাকারীদের’ বিচার দাবিতে মানববন্ধন। আজ বুধবার সকালে ময়মনসিংহ নগরের আনন্দ মোহন সরকারি কলেজে
ছবি: আনোয়ার হোসেন

হলের আসনে ওঠা নিয়ে ৯ ফেব্রুয়ারি ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর পল্লীকবি জসীম উদ্‌দীন হলের সুপারের পদত্যাগ ও ‘বহিরাগত হামলাকারীদের’ বিচার দাবিতে আজ বুধবার সকালে আনন্দ মোহন কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে হলের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনের কথা উল্লেখ করা হলেও অংশগ্রহণকারীদের অনেকেই ছাত্রলীগের কর্মী। একাধিক শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিদের অনেকেই ছাত্রলীগের বিরোধপূর্ণ দুই পক্ষের মধ্যে একটি পক্ষের।

এর আগে ৯ ফেব্রুয়ারি রাতে কলেজের ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আনন্দ মোহন কলেজের পল্লীকবি জসীম উদ্‌দীন হলে গত বৃহস্পতিবার রাতে বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে সাধারণ শিক্ষার্থীদের আহত করেন। বর্তমানে চারজন শিক্ষার্থী চিকিৎসাধীন। এ হামলার প্রতিবাদ ও জড়িত বহিরাগত ব্যক্তিদের বিচার দাবি করেন বক্তারা। আনন্দ মোহন কলেজের ছাত্র হলগুলোয় রাতে বহিরাগত মাদকসেবীরা আড্ডা দেন। মাদকসেবীদের জন্য সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তাঁরা দাবি করেন।

মানববন্ধন থেকে আট দফা দাবি জানানো হয়। উল্লেখযোগ্য দাবিগুলো হলো—পল্লীকবি জসীম উদ্‌দীন হলের সুপার ও সহকারী হল সুপারের পদত্যাগ, হামলার মদদদাতা ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, শিক্ষার্থীদের আবাসিক হলে অছাত্র, বিবাহিত ও চাকরিজীবীদের আসন বাতিল করা এবং হলের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো।

মানববন্ধনে বক্তব্য দেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নাজমুল হোসেন, আমানুর রহমান ও আরহান খান প্রমুখ। মানববন্ধন শেষে একই দাবিতে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, ৯ ফেব্রুয়ারির ঘটনাটি মূলত ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের ফল। এ ঘটনায় জসীম উদ্‌দীন হলের সুপার শাজাহান করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ ছাড়া যেহেতু বিষয়টি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি সাংগঠনিকভাবে নিষ্পত্তির জন্য নেতাদের বলা হয়েছে।

ছাত্রলীগের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে আনন্দ মোহন কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শেখ সজল আহ্বায়ক ও ওমর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হন। তবে একটি পক্ষ এ আহ্বায়ক কমিটিকে মেনে নেননি। এ কারণে ছাত্রলীগের কর্মীরা দুই ভাগে বিভক্ত।