মতলব উত্তরে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে আহত চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর লুধুয়া এলাকায় ওই দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।

মারা যাওয়া অটোরিকশাচালকের নাম মাহবুব হোসেন (৩০)। তিনি উপজেলার উত্তর লুধুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীন পাটোয়ারীর ছেলে। মাহবুব বিবাহিত ও এক সন্তানের বাবা ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় নিজের সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে মাহবুব হোসেন উপজেলার ছেংগারচর এলাকা থেকে উত্তর লুধুয়া এলাকার দিকে যাচ্ছিলেন। উত্তর লুধুয়া এলাকায় ঢুকতেই বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে মাহবুব গুরুতর আহত হন। তাঁর মাথা, পিঠ ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। স্থানীয় লোকজন মাহবুবকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে পরিবারের লোকেরা তাঁকে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টা ৪০ মিনিটে তিনি মারা যান।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কাভার্ড ভ্যানের চালককেও আটক করা যায়নি।