কলাপাড়ার রাডার স্টেশন
যান্ত্রিক ত্রুটি, দিচ্ছে না বার্তা
চার বছর আগে ঝোড়ো হাওয়ায় রাডার স্টেশনের ফ্রিকোয়েন্সি ইমেজ শাখায় যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়।
পটুয়াখালীর কলাপাড়ায় রাডার স্টেশনটি চার বছরের বেশি সময় ধরে ঘূর্ণিঝড় সতর্কীকরণ বার্তা দিতে পারছে না। ঝোড়ো হাওয়ায় রাডার স্টেশনের ফ্রিকোয়েন্সি ইমেজ শাখায় যন্ত্রাংশে ত্রুটি মেরামত না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতেই আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
ঝড়ের সংকেত প্রদানকারী রাডার স্টেশনটি থেকে ৪০০ কিলোমিটার এলাকার মধ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, ঝড়ের গতিপথ নির্ণয় করা যেত। ১৯৬৯ সালে কলাপাড়া উপজেলা সদরে ১০ একর ১৬ শতাংশ জমির ওপর এ স্টেশন স্থাপন করা হয়। তখন কেন্দ্রটি কনভেনশনাল রাডার স্টেশন ছিল। এটি তখন কেপিআই-গ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল। ২০০৮ সালে কনভেনশনাল রাডারের প্রযুক্তিগত কার্যকারিতা কমে যায়। এরপর কেন্দ্রটির পুরোনো অবকাঠামো ভেঙে এবং কনভেনশনাল প্রযুক্তি বাদ দিয়ে দাতা সংস্থা জাইকার অর্থায়নে সর্বাধুনিক ডপলার প্রযুক্তির রাডার স্থাপন করা হয়। এটি ঝড়ের সংকেত প্রদানকারী এই রাডার কেপিআই-খ শ্রেণির অন্তর্ভুক্ত। বর্তমানে এটি ঝড়ের সংকেত প্রদানকারী রাডার স্টেশন ও পাইলট বেলুন অবজারভেটরি (পিবিও) হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কলাপাড়া কার্যালয়ের সহকারী পরিচালক আছাদউজ্জামান খান বলেন, উপকূলের লোকজনকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই জীবন যাপন করতে হয়। উপকূলবাসীর জন্য আবহাওয়া বার্তা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহারের ফলে আগাম সতর্কবার্তা পাওয়া গেলে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। কলাপাড়ার রাডার স্টেশনটি যদি সচল না থাকে অথবা স্টেশনটি থেকে যদি আবহাওয়ার আগাম বার্তা না দেওয়া হয়, তাহলে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি বেশি হবে। জানমাল রক্ষায় এবং জনস্বার্থের জন্য দ্রুত রাডার স্টেশনের যন্ত্রাংশের ত্রুটি মেরামত করা দরকার।
আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্রে জানা গেছে, ৯-১১ অক্টোবর জাপান মেট্রোলজিক্যাল বিজনেস সাপোর্ট সেন্টারের তিন সদস্যের একটি প্রতিনিধিদল কলাপাড়া রাডার স্টেশনটির ইমেজ শাখাসহ কেন্দ্রটির বিভিন্ন শাখার অবস্থা দেখে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, স্টেশনটির বিদ্যুৎ সঞ্চালনের জন্য স্থাপিত ১৫০ কেভিএ ট্রান্সমিটারটি দুই বছরের বেশি সময় ধরে নষ্ট ছিল। এ কারণে রাডার স্টেশনটিতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থাও বন্ধ ছিল। আবহাওয়া খারাপ হলে নিজস্ব জেনারেটর চালিয়ে রাডার স্টেশনের প্রয়োজনীয় কাজ পরিচালনা করতে হয়েছে। দুই মাস আগে বিদ্যুতের খুঁটি এবং নতুন ট্রান্সমিটার বসানো হয়েছে। তবে এখনো সংযোগ দেওয়া হয়নি।
কলাপাড়া পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সজীব পাল এ প্রসঙ্গে বলেন, ‘কেন্দ্রটিতে ১৫০ কেভিএ ট্রান্সমিটার নতুনভাবে লাগানোর কাজ শেষ হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার চেষ্টা করছি।’
রাডার স্টেশনের প্রকৌশলী আবদুল জব্বার শরীফ বলেন, ফ্রিকোয়েন্সির ইমেজ শাখায় বেশ কিছু যন্ত্রাংশের ত্রুটি দেখা দিয়েছে। এতে ঘূর্ণিঝড়ের গতিবেগ, শক্তি, তীব্রতা ও অবস্থান নির্ণয় করা যাচ্ছে না। তবে পাইলট বেলুন অবজারভেটরির (পিবিও) কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রয়েছে। পিবিও চালু থাকায় সূর্যোদয়-সূর্যাস্তের সময়, বৃষ্টি, বাতাসের গতিবেগ নির্ণয় এবং তাপমাত্রা পরিমাপ করা যাচ্ছে। এখানকার কার্যক্রম বন্ধ থাকার কারণে কক্সবাজার, মৌলভীবাজার ও ঢাকার আগারগাঁওয়ের রাডার স্টেশনের মাধ্যমে ঘূর্ণিঝড়ের যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। বঙ্গোপসাগর–সংলগ্ন এই রাডার স্টেশন উপকূলের ঘূর্ণিঝড়সংক্রান্ত তথ্য কাছ থেকে সংগ্রহ করতে পারে। এতে তথ্য-উপাত্ত সঠিকভাবে পাওয়া যায়।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মহিব্বুর রহমান বলেন, ‘ঝড়ের সংকেত প্রদানকারী রাডার স্টেশনটির বর্তমান সমস্যা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। সংসদীয় কমিটির সভায়ও এ নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে বিশেষজ্ঞ দল রাডার স্টেশনটি পরিদর্শন করে গেছে। আশা করছি, অতি দ্রুত যন্ত্রাংশ স্থাপন করা হবে এবং রাডার স্টেশনটির কার্যক্রমও চালু হবে।’