সাতক্ষীরায় জামায়াতের মিছিল, ১৬ নেতা–কর্মী আটক
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়াসহ আলেম ও ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখা। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করেই শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের হয়।
তবে মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে, অপর একটি অংশ সদর উপজেলা পরিষদের সামনে দিয়ে জামায়াত অফিসের দিকে গিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে পাঁচটি ককটেলসহ জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে আটক নেতা–কর্মীদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
জামায়াতের মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান। মিছিলের একপর্যায়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, দেশ অব্যাহতভাবে নতুন নতুন সংকটের দিকে ধাবিত হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক অঙ্গণে বিপর্যয়ের পরিস্থিতি বিদ্যমান। সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আদালতের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। অথচ আদালতের রায়ে পরপর দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বলা হয়েছিল। তারা ক্ষমতার মোহে নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতা–কর্মীরা আজ সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করেছিল। এ সময় ১৬ নেতা–কর্মীকে আটক করা হয়েছে। নেতা-কর্মীদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।