সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

লাঠিসোটা হাতে পুলিশের গাড়ির দিকে তেড়ে যান স্থানীয় শতাধিক বাসিন্দা। গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামেছবি: ভিডিও থেকে সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র হালিমুল হককে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়ে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে বাধার মুখে ফিরে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

হালিমুল হক ওই এলাকার বাসিন্দা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। সন্ধ্যার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, হালিমুল হককে গ্রেপ্তার করতে পুলিশ এসেছে, এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। একপর্যায়ে গ্রামবাসীর বাধার মুখে তাঁকে গ্রেপ্তার না করেই দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় পুলিশ।

পুলিশের গাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন কয়েকজন
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

এদিকে ওই ভিডিওতে দেখা যায়, কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। একপর্যায়ে তাঁরা পুলিশের গাড়ির দিকে তেড়ে যান।

স্থানীয় লোকজনের ভাষ্য, এলাকায় হালিমুল হকের জনপ্রিয়তা আছে। তিনি ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। পরে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন হালিমুল।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল হালিমুল হককে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা আছে।
সাইফুল ইসলাম, শাহজাদপুর থানার ওসি

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, হালিমুল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো ধরনের সহিংস বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। মূলত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে এসেছে—এ খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমেছিলেন।

তবে স্থানীয় লোকজনের বাধার মুখে ফিরে আসার কথা অস্বীকার করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল হালিমুল হককে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা আছে।