ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

রাজু মোল্লাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। ওই ঘটনার পর ঢাকা–বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা মিছিল বের করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোয়া ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। পরে তাঁরা পালিয়ে যান।

স্থানীয়রা আহত রাজু মোল্লা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির কার্যালয়ে ভাঙ্চুর করার পর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ছবি : সংগৃহীত

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, ‘রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন আমাদের কিছু করার ছিল না।’

ফরিদপুর–৪ (ভাঙ্গা) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। ১০০–১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি বল্লম নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন। তাঁরা রাজু মোল্লার ওপর হামলা করেন। খবর পাওয়ার পর কৃষক দলের লোকজন গিয়ে তাঁদের হটিয়ে দেয়।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর রাত সোয়া ১০টার দিকে বলেন, নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা–বরিশাল মহাসড়কে রাত ৯টা থেকে রাত সোয়া ১০টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।