বাঁশখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তরুণ গ্রেপ্তার
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম মোহাম্মদ মোরশেদ (২৩)। তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাংদীঘির পাড় এলাকার নাজিম উদ্দীনের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওসি কামাল উদ্দিন আরও বলেন, ‘গ্রেপ্তার মোরশেদসহ পাঁচ–ছয়জনের একটা চক্র শনাক্ত করেছি—যারা ধর্মীয় বিশ্বাসে আঘাত পায় এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। চক্রের অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেন শাহেদ বিন কাশেম (৩৩) নামের এক ব্যক্তি। এরপর গতকাল শনিবার সকালে উপজেলার বশির উল্লাহ মিয়াজি বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় লোকজন।
ওই সময় শাহেদ বিন কাশেমকে আটকের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। পরে শাহেদ বিন কাশেমসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন মাওলানা মো. ওসমান গণি নামের স্থানীয় এক ব্যক্তি। ওই মামলায় মোহাম্মদ মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।