বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস আটকে তল্লাশি করেছে ছাত্রলীগ। আজ শনিবার সকাল সাতটার দিকে ঢাকাগামী স্টাফ বাসে এ তল্লাশি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সকাল সাতটার স্টাফ বাস থামিয়ে তল্লাশি করেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিএনপির সমাবেশে কেউ যাচ্ছেন কি না, তা পরীক্ষা করতে এ সময় বাসে থাকা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন তাঁরা।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দাবি, বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আবদুর রহমান ওরফে বাবুলের নেতৃত্বে ২০ জন বহিরাগত বিএনপির সমাবেশে যাচ্ছিলেন। পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাসের চালককে ফোন দিয়ে বাস থামানোর নির্দেশ দেন। তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বহিরাগতরা বাস থেকে নেমে চলে যান।

আরও পড়ুন

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বলেন, ‘আমার নেতৃত্বে বহিরাগত কেউ বাসে ওঠেনি। এ অভিযোগ অসত্য। ছাত্রলীগ বাস আটকেছে। কেউ ঢাকায় বিএনপির সমাবেশে যাচ্ছে কি না, তা তল্লাশি করছিল ওরা।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘আমরা জেনেছি, বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে ২০ জনের মতো বহিরাগত বিএনপির সমাবেশে যাচ্ছে। আমাদের জুনিয়র নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেছে।’

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষক আওলাদ হোসেন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বাস এবং কেউ যদি এ বাস আটকিয়ে তল্লাশি করে থাকে, তবে তা ঠিক করেনি।’

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

আরও পড়ুন