শুরু থেকে সরব শুধু নৌকা

গতকাল রাত ১২টায় এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়। বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারণার শেষ দিনে গতকাল নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামানের সমর্থনে মিছিল বের করা হয়। রাজশাহী নগরের আরডিএ মার্কেট এলাকায়
ছবি: প্রথম আলো

‘বদলে গেছে রাজশাহী, বদলে গেছে দিন, লিটন ভাইয়ের মার্কা নৌকায় ভোট দিন’, রাজশাহী শহরে গত ১৮ দিন দুপুর থেকে রাত আটটা পর্যন্ত উচ্চ শব্দে বেজেছে এই গান। এটি ছিল মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামানের প্রচারণা। তবে মেয়র পদের অন্য দুই প্রার্থীর এ রকম জোরালো প্রচারণা দেখা যায়নি।

গতকাল সোমবার রাত ১২টায় এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

এই নির্বাচনে ২ জুন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। এর পর থেকেই নৌকার প্রার্থী নির্বাচনের মাঠে সরব ছিলেন। পথসভা, মতবিনিময়, প্রচার মাইক, পোস্টার ও ব্যানার সবকিছুতেই এগিয়ে ছিল নৌকা। 

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী ছিলেন। এর মধ্য থেকে ১২ জুন রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচনে থাকবেন নাকি সরে দাঁড়াবেন, এই অনিশ্চয়তা নিয়ে গণসংযোগ করেছেন। এই প্রার্থীর দাবি, ভোটের মাঠে তাঁদের মাইক ছিল পাঁচটি। জাকের পার্টি প্রার্থী লতিফ আনোয়ার পথসভা না করে শুধু গণসংযোগ করেছেন। তাঁরা দাবি করেছেন, শেষ দিনে তাঁদের মাইক ছিল ২০টি। তবে এই দুই প্রার্থীর পোস্টার-ব্যানার কিছুই চোখে পড়ার মতো ছিল না। এর বিপরীতে নৌকার প্রায় ৪০টি মাইক নিয়মিত প্রচারে ছিল। 

নির্বাচনী এলাকার বাইরে থেকে ট্রাকের আগে-পিছে বাঁধা মাইকে নৌকার সমর্থনে ভোটের গানে শহর মাতিয়েছে। গতকাল বিকেলেও দেখা গেছে রাজশাহী পবা উপজেলার কাটাখালী পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ট্রাক সাজিয়ে তার ভেতরে সমর্থকেরা শহর ঘুরে বেড়িয়েছেন। সন্ধ্যায় যে প্রচার মিছিল নগরের সাহেববাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে, তাতেও শহরের বাইরে থেকে আসা আওয়ামী লীগের কর্মী-সমর্থকের ভিড় দেখা গেছে। তাঁরা নিজেদের ব্যানার নিয়েই মিছিলে যোগ দিয়েছিলেন। নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যানার নিয়েই এই প্রচার মিছিলে নেতা-কর্মীদের অংশ নিতে দেখা যায়। 

২ জুন প্রতীক বরাদ্দের আগেই নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান  লিটন ৭০টি মতবিনিময় সভায় বক্তব্য দেন। পরে তিনি দেড় শতাধিক পথসভায় বক্তব্য দেন। ৭১টি জেলা সমিতি আয়োজিত সভায় যোগ দিয়েছেন। 

জাতীয় পার্টির প্রার্থী রাজশাহী মহানগরের সভাপতি সাইফুল ইসলাম ঠিকমতো গুছিয়েই উঠতে পারেননি। ইশতেহার ঘোষণার দিন নিজেদের হট্টগোলে তিনি বলেই বসেছিলেন, ‘আমার কোনো দল নেই।’ তাঁর মিছিল থেকে নৌকার স্লোগান শোনা গেছে।

সর্বশেষ গত রোববার ইভিএমে আস্থা নেই বলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কেন্দ্রের অনুমতি চান। তবে সেই অনুমতি তিনি পাননি। গতকাল বিকেলে নগরের শাহ মখদুম এলাকায় তিনি নির্বাচনী ক্যাম্পের সামনে গণসংযোগ করেন। 

জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার গতকাল বিকেলে বলেন, তাঁদের ২০টি মাইক প্রচারে রয়েছে। তিনি শেষ দিনে নগরের মথুরডাঙ্গা থেকে আমচত্বর পর্যন্ত এলাকায় গণসংযোগ করেন।