পাইপগান পুঁতে রেখে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন দুই যুবক
জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জে এক ব্যক্তিকে ফাঁসাতে তাঁর বাড়ির পাশে দুটি পাইপগান পুঁতে রেখে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) খবর দেওয়া হয়। পরে সেই ফাঁদেই ফেঁসে গেলেন পাইপগান পুঁতে রাখা দুই যুবক।
এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন পলাতক।
আজ শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার বরাই গ্রাম থেকে দুটি পাইপগান উদ্ধার করে জেলা ডিবির একটি দল।
গ্রেপ্তার মো. দিনা ওরফে দিদারের (৩২) বাড়ি সদর উপজেলার দেড়গ্রাম গ্রামে। পলাতক আসামি মো. স্বাধীনের (৩৮) বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার বরাই এলাকায়।
জেলা ডিবির কার্যালয় ও বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ডিবির একটি দল অবস্থান করছিল। এ সময় দিদার পুলিশকে জানান, মানিকগঞ্জ পৌর এলাকার বরাই এলাকায় রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান আছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডিবির সদস্যরা দিদারকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ ঘোষের বাড়িতে যান।
সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে রামপ্রসাদের বাড়ির পাশে সেপটিক ট্যাংকের কাছে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিদার স্বীকার করেন যে পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর জন্য স্বাধীন ও তিনি সেখানে পাইপগান দুটি পুঁতে রেখেছিলেন।
অস্ত্র উদ্ধারের পর দিদারের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ডিবির সদস্যরা।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিদার স্বীকার করেন যে পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর জন্য স্বাধীন ও তিনি সেখানে পাইপগান দুটি পুঁতে রেখেছিলেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে ঘটনাস্থল থেকেই দিদারকে আটক করা হয়। তাঁর দেখানো স্থান থেকে উদ্ধার করা দুটি পাইপগান জব্দ করা হয়।
এসব বিষয়ে জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মানবেন্দ্র মানব প্রথম আলোকে এই খবরের সতত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তার দিদারের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।