মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেরোনোর এক ঘণ্টা পর রেললাইনে মিলল দ্বিখণ্ডিত লাশ
মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান সুধীর বিশ্বাস। আজ শুক্রবার সকালে কাউকে না জানিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে পড়েন। এক ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রেললাইনে তাঁর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সুধীর বিশ্বাস (৪৮) জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের চক গ্রামের বাসিন্দা। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।
রেলওয়ে পুলিশ ও পরিবার জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে কুলাউড়া উপজেলার কাকিচার গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান সুধীর। আজ সকাল ছয়টার দিকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েন। সকাল সাতটার দিকে আলালপুর এলাকায় রেললাইনে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা ছিল। এ সময় লাশের পাশ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়। ওই মুঠোফোনের মাধ্যমে তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ হলে তাঁরা গিয়ে লাশটি শনাক্ত করেন।
সুধীরের শ্যালক গোপাল বিশ্বাস বলেন, খবর পেয়ে তাঁরা সকালে ঘটনাস্থলে যান। তাঁর ভগ্নিপতি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। কেন তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন, সেটা তাঁরা জানেন না।
কুলাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাসের মৃত্যু ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত করে দেখা হবে।