১২ সেকেন্ডে ব্যাগ ছিনিয়ে পালালেন ছিনতাইকারীরা, পেছনে ছুটলেন বৃদ্ধ
গলায় ব্যাগ ঝুলিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ। সামনে থেকে এগিয়ে আসেন দুই ব্যক্তি। তাঁদের পেছনেই একটি অটোরিকশা। হঠাৎ বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাগটি টেনে নেন তাঁরা। এরপর অটোরিকশায় উঠে পালিয়ে যান। ব্যাগ হারিয়ে তাঁদের পেছনে ছুটলেন বৃদ্ধ। পুরো ঘটনাটি ঘটে মাত্র ১২ সেকেন্ডে।
চট্টগ্রাম নগরের বিবিরহাট কাঁচাবাজারের ১ নম্বর গলিতে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছিনতাইয়ের দৃশ্যটি আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বৃদ্ধের দিকে হেঁটে আসতে থাকেন দুই ছিনতাইকারী। কাছাকাছি এসেই তাঁরা বৃদ্ধের গলায় ঝোলানো ব্যাগ ধরে টান দেন। ব্যাগটি ছিনিয়ে নিয়েই পেছনে থাকা অটোরিকশায় উঠে পড়েন। বৃদ্ধ তাঁদের পেছনে ছুটলেও ব্যাগটি নিয়ে পালিয়ে যান তাঁরা।
আজ বেলা দেড়টা পর্যন্ত বৃদ্ধের পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর ব্যাগে কী ছিল, তা–ও জানা যায়নি। তবে ভিডিওটি দেখে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছে পাঁচলাইশ থানা।
ফেসবুকে ‘যোদ্ধা’ নামের একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। বেলা দেড়টা পর্যন্ত সেখানে ১২৫টি আইডি থেকে মন্তব্য করা হয়েছে। মন্তব্যে অনেকে গলির ভেতরে এমন ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। কেউ প্রশ্ন তুলেছেন পথচারীদের নিরাপত্তা নিয়ে।
জান্নাতুল ফেরদৌস নামের এক নারী লিখেছেন, ‘আমাদের গলিতে যদি এমন হয়, আমরা কীভাবে নিরাপদ থাকব।’ শাহেদ হোসাইন নামের একজনের মন্তব্য, ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করার সুযোগ করে দিচ্ছে। ছালেহ নূর সুজন নামের আরেক ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘সাধারণ জনগণ কোথায় যাবে? কী করবে? রাস্তা দিয়ে হাঁটাও বন্ধ করে দিতে হবে?’
বিবিরহাট এলাকাটি নগরের পাঁচলাইশ থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ভিডিওটি তিনিও দেখেছেন। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছেন। তিনি নিজেও সেখানে যাচ্ছেন। ওসি জানান, ভুক্তভোগী বৃদ্ধ ও ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।