রাজশাহীতে ক্রিকেটারদের হারানো আটটি লাগেজ উদ্ধার, চারজনকে আটক
রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। রাজশাহী পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩) ও বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) ও তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। তাঁদের মধ্যে শাহাদতের বাড়ি থেকে এসব লাগেজ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী বলেন, ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধারের খবর শুনে তিনি রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি আটক মোজাম্মেল হকের পরনে ক্রিকেটারদের ব্যবহৃত পোশাক দেখেছেন।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালে আকাশপথে রাজশাহী ফেরেন বিভাগের ক্রিকেটারেরা। এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয় বিসিবির একটি কাভার্ড ভ্যান।
ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধারের খবর শুনে তিনি রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি আটক মোজাম্মেল হকের পরনে ক্রিকেটারদের ব্যবহৃত পোশাক দেখেছেন।মোজাদ্দেদ জামানী, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর মোড়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ওই কাভার্ড ভ্যানের পিছু নেন। একপর্যায়ে তাঁরা চলন্ত কাভার্ড ভ্যানের তালা ভেঙে লাগেজ ও অন্য মালামাল নিয়ে যায়। পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালক সজীবকে জানান। পরে রাজশাহী শহরের হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে পৌঁছে তিনি চুরির বিষয়টি সংশ্লিষ্টদের জানান।
কাভার্ড ভ্যান থেকে লাগেজ নামানোর সময় দেখা যায়, বিসিবি ডিভিশন ক্রিকেট দলের মোট ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি পাওয়া গেছে। বাকি আটটি বিভিন্ন আকারের লাগেজ নেই। এ ঘটনায় রাজশাহী নগরের রাজপাড়া থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রাজশাহী পুলিশের পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, উদ্ধার হওয়া মালামাল ক্রিকেটারদের কাছে হস্তান্তর করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।