চাঁদপুর শহরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রামে আটক
চাঁদপুর শহরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়ার দলঘাট দাসপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মার্কেটে ‘এস কে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়’ নামে একটি দোকান আছে পিন্টু দাসের। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাসা ও দোকান এক সপ্তাহের বেশি সময় ধরে তালাবদ্ধ। তিনি বন্ধকি স্বর্ণালংকারসহ বিভিন্নজনের কাছ থেকে টাকাপয়সা আত্মসাৎ করে সপরিবার পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছিল।
পিন্টু দাসের নিখোঁজ বা আত্মগোপনের যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আজ ভোরে চট্টগ্রামের পটিয়ার দলঘাট দাসপাড়ায় নিজবাড়ি থেকে পিন্টু দাসকে (৪৫) আটক করা হয়। চাঁদপুর মডেল থানার পুলিশের একটি দল পিন্টু দাসকে নিয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশের অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজী। তিনি বলেন, ‘পিন্টু দাস নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর বাসার মালিক রাসেল খান ২২ আগস্ট একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের কয়েকটি দল অনুসন্ধান শুরু করে। আমরা চাঁদপুর ও কুমিল্লায় পিন্টু দাসের স্বজন ও পরিচিত সব জায়গায় খোঁজ নিই। অবশেষে আজ ভোর ৫টায় চট্টগ্রামের পটিয়ার দলঘাট দাসপাড়া নিজবাড়ি থেকে তাঁকে সপরিবার আটক করা হয়েছে।’
চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস আত্মগোপনে ছিলেন। তাঁকে পালিয়ে যেতে সহায়তাকারী ট্রাকচালকের মাধ্যমে তথ্য পেয়েছিলাম। তাঁর বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। কোনো পাওনাদার মামলা করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’