দিনে চার মণ দুধের চা বিক্রি, ফেসবুক-টিকটকে লাখো অনুসারী, আয়করও দেন সাইদুর
রাত দেড়টা। দিনাজপুর শহরের অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। রাস্তায় মানুষের আনাগোনাও কম। তবে শহরের কোতোয়ালি থানার বিপরীতে ফল মার্কেটের পাশে ছোট্ট একটি দোকানে তখনো ব্যস্ততা। চুলায় আগুন জ্বলছে, কেটলিতে দুধ ফুটছে। কেউ কাপ ধুইছেন, কেউ বিস্কুট-পাউরুটি এগিয়ে দিচ্ছেন। কেউ এসে বলছেন, ‘তিনটা দুধ-চা, একটা লাল-চা’। কারও চাওয়া ‘পাঁচটা স্পেশাল চা’। আবার কারও চাওয়া ‘চিনি ছাড়া চা’।
এমন নানা হাঁকডাকে মুখর দোকানে কাপের পর কাপ চা বানিয়ে চলেছেন এক ব্যক্তি। ক্রেতাদের কেউ দাঁড়িয়ে, কেউ বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডায় মশগুল। চা বানানোর ব্যস্ততার মধ্যেও ক্রেতাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন দোকানমালিক। তাঁর মুখে লেগে থাকা হাসি যেন দোকানটির অংশ।
চা-বিক্রেতার নাম সাইদুর রহমান (৪১)। দিনাজপুর শহরে তিনি ‘জামাই’ নামে পরিচিত। কোতোয়ালি থানার পাশের কালিতলা ফল মার্কেটে ফলের ব্যবসা করেন তাঁর শ্বশুর। সেই সূত্রে দোকানে আসা ক্রেতারা তাঁকে ‘জামাই’ বলে ডাকেন। দোকানের নামও ‘জামাই টি স্টোর’। ভোর থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকে চায়ের এই দোকান।
এই চায়ের দোকানের পরিচিতি শুধু দিনাজপুর শহরের মধ্যে এখন আর সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টিকটক ও ইউটিউবে চা বানানোর ভিডিও দিয়ে লাখো মানুষের কাছে পরিচিত মুখ সাইদুর।
সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা যায়, ৮ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সাইদুরের ‘জামাই টি স্টল’ নামের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের (অনুসারী) সংখ্যা দেড় লাখের বেশি। আর ‘জামাই টি স্টোর’ নামে তাঁর ফেসবুক পেজে অনুসারী দুই লাখের বেশি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ১ লাখ ৫০ হাজারের বেশি। টিকটকে অনুসারী ৫ লাখ ৪৪ হাজার।
এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় কয়েক মাস আগে ইউটিউব থেকে ‘সিলভার প্লে বাটন’ (ক্রেস্টসহ একধরনের স্বীকৃতি) পেয়েছেন সাইদুর।
বিভিন্ন পেশা ঘুরে চায়ের দোকান
সাইদুরের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে। অভাবের সংসারে ১০ বছর বয়সেই গাইবান্ধা শহরে একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৫ সালে বিয়ে করেন গাইবান্ধার মেয়ে কবিতা খাতুনকে। তবে কবিতার পরিবার থাকে দিনাজপুর শহরে। বিয়ের কয়েক মাস পর জীবিকার সন্ধানে সাইদুর চলে যান কুমিল্লায়। শুরু করেন রিকশা চালানো।
সাইদুর বলেন, বিভিন্ন শহরে ঘুরে বেড়ানোর শখ ছিল তাঁর। কুমিল্লা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে রিকশা চালিয়েছেন। এভাবে প্রায় তিন বছর কেটেছে। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। এর মধ্যে দুই ছেলের বাবা হন তিনি।
২০১০ সালে স্ত্রীকে নিয়ে দিনাজপুরের গোলাপবাগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাইদুর। একদিন শ্বশুরবাড়ির এক আত্মীয়ের রিকশা নিয়ে বের হন। সারা দিন রিকশা চালিয়ে আয় করেন ৭০০ টাকা। অথচ হোটেলে সারা দিন কাজ করে পেতেন ৪০০ টাকা। এই হিসাব তাঁকে রিকশা চালানোর কাজে আগ্রহী করে তোলে। কয়েক দিনের মধ্যে শ্বশুরবাড়ির পাশেই বাসা ভাড়া নেন।
তবে সেই কাজও বেশি দিন করতে পারেননি সাইদুর। ২০১৪ সালের দিকে দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় ইজিবাইকের সংখ্যা বাড়তে থাকলে রিকশার যাত্রী কমে যায়, সেই সঙ্গে আয়ও কমতে থাকে তাঁর। তিনি আবার ফিরে যান হোটেলশ্রমিকের কাজে।
২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ শুরু হলে বন্ধ হয়ে যায় হোটেল। কর্মহীন হয়ে পড়েন সাইদুর। তত দিনে পাঁচ সদস্যের সংসার। কীভাবে চলবে সংসার, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। সেই কঠিন সময়ে পাশে দাঁড়ান স্ত্রী কবিতা খাতুন। গৃহকর্মীর কাজ করে মাটির ব্যাংকে জমিয়েছিলেন ৩০ হাজার টাকা। দুর্দিনে সেই সঞ্চয় স্বামীর হাতে তুলে দেন তিনি। সাইদুর শুরু করেন ভ্যানে করে ফল বিক্রি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই ব্যবসায়ও লোকসান হয়। আবারও হতাশায় পড়েন তিনি।
‘আমি সব সময় নিচের দিকে তাকাই। নিচের মানুষগুলোকে দেখলে নিজের অতীতকে মনে করতে পারি।’
২০২০ সালের ডিসেম্বরে দিনাজপুর শহরের কোতোয়ালি থানার বিপরীতে এক পান দোকানিসহ কয়েকজনের পরামর্শে চায়ের দোকান দেওয়ার সিদ্ধান্ত নেন। ২৫ হাজার টাকা দিয়ে কেনেন দোকানের সরঞ্জাম ও চা তৈরির উপকরণ। শুরু হয় নতুন পথচলা। সাইদুর জানান, প্রথম দিনেই তিন হাজার টাকার চা বিক্রি হয়েছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত চলে সাইদুর রহমানের চায়ের দোকান। সব মিলিয়ে দৈনিক বিক্রি ৩০ থেকে ৩২ হাজার টাকা।
দিনে সাড়ে তিন মণ দুধ লাগে দোকানে
প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত চলে সাইদুর রহমানের চায়ের দোকান। ‘জামাই স্পেশাল চা’, ‘হরলিকস চা’, ‘ডানো চা’, ‘ঘি চা’, কফি, দুধ-চা, লাল-চাসহ প্রায় ১০ ধরনের পানীয় তৈরি করেন তিনি। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় দুধ-চা। ধরনভেদে প্রতি কাপ চায়ের দাম ৭ থেকে ৭০ টাকা পর্যন্ত।
সাইদুরের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিদিন সাড়ে তিন থেকে চার মণ দুধের চা বিক্রি হয়। সব মিলিয়ে দৈনিক বিক্রি ৩০ থেকে ৩২ হাজার টাকা। আর দোকানের মালামাল, গ্যাস ও বিদ্যুতের বিল এবং কর্মীদের বেতন-ভাতাসহ খরচ মেটানোর পর দৈনিক গড়ে তিন হাজার টাকার বেশি লাভ থাকে বলে জানান তিনি। ছয় বছরের ব্যবধানে ব্যবসার আয় দিয়ে শহরে জমি কিনেছেন, তুলেছেন আধা পাকা বাড়ি। চা-বানানোর ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে থেকেও আয়ের ব্যবস্থা হয়েছে। সেই আয় স্থানীয় অসহায় মানুষের চিকিৎসা ও সহায়তায় ব্যয় করছেন তিনি।
চায়ের দোকানের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কাজও চালিয়ে যাচ্ছেন সাইদুর। এ কাজ দেখাশোনার জন্য একজন কর্মীও রেখেছেন।
শুরুতে ছেলেকে সঙ্গে নিয়ে দোকান চালাতেন সাইদুর। এখন তাঁর নিজের পাশাপাশি আরও ১০ জন কাজ করেন। কর্মীদের দৈনিক মজুরি ৪০০ থেকে ৭০০ টাকা। কর্মীদের সঙ্গে শুধু কাজের সম্পর্ক নয়, তাঁদের সঙ্গে পারিবারিক সম্পর্কও গড়ে তুলেছেন তিনি। কর্মীরা দুই বেলা তাঁর বাড়িতে খাওয়াদাওয়া করেন। রান্না করেন স্ত্রী কবিতা। এ জন্য স্ত্রীকেও মাসিক বেতন দেন সাইদুর। তাঁর ভাষায়, ‘ওরা আমার সঙ্গে কাজ করে। ওদের খাওয়াদাওয়ার দায়িত্বও আমার।’
দোকানটিতে নিয়মিত চা খেতে আসেন স্থানীয় বাসিন্দা ভুবন সেন। তিনি বলেন, ‘শীতপ্রধান এ জেলায় চা মানুষের নিয়মিত খাবারের অংশ। প্রতিদিন বাড়িতে ফেরার সময় এখানে চা খাই। দল বেঁধে অনেকেই আসেন। বাইরে থেকে যাঁরা বেড়াতে আসেন, তাঁদের অনেকেই জামাইয়ের দোকানে চা খান। বিশেষ করে তাঁর হাতের দুধ-চা বেশ জনপ্রিয়।’
চা বানানোর ভিডিও থেকে লাখো অনুসারী
চা-দোকান শুরুর আগে থেকেই ফেসবুক, টিকটক, লাইকি ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন সাইদুর রহমান। তবে তাঁর জনপ্রিয়তার শুরু ২০২১ সালের নভেম্বরে।
কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার বিষয়ে সাইদুর রহমান জানান, একদিন কয়েকজন শিক্ষার্থী তাঁর দোকানে চা খেতে আসেন। চা বানানোর ধরন তাঁদের নজর কাড়ে। তাঁদের একজন ভিডিও ধারণ করে সেটি সাইদুরেরই ফেসবুকে পোস্ট দেন।
সাইদুরের ভাষ্য, ২৪ ঘণ্টায় সেই ভিডিও এক লাখের বেশি মানুষ দেখেন। কয়েক দিন পর ওই শিক্ষার্থীই তাঁকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেন। এরপর নিয়মিত সেখানে চা বানানোর ভিডিও প্রকাশ করতে থাকেন তিনি। ইউটিউবেও প্রথম ভিডিওতেই ১ লাখ ৬ হাজারের বেশি ভিউ পান।
২০২২ সালে তাঁর ইউটিউব চ্যানেল থেকে আয় করার সুযোগ তৈরি হয়। পরের বছর ফেসবুক পেজও কনটেন্ট মনিটাইজেশন হয়। এর পর থেকে চায়ের দোকানের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কাজও চালিয়ে যাচ্ছেন সাইদুর। এ কাজ দেখাশোনার জন্য একজন কর্মীও রেখেছেন। তাঁর মাসিক বেতন ১২ হাজার টাকার বেশি।
আয়করও দিচ্ছেন সাইদুর
একসময় জীবিকার সন্ধানে এক শহর থেকে আরেক শহরে ঘুরেছেন সাইদুর। কখনো হোটেলের শ্রমিক, কখনো রিকশাচালক, কখনো ফল বিক্রেতা হিসেবে কাজ করেছেন। জীবনের নানা বাঁক পেরিয়ে এখন তিনি একটি ব্যবসা দাঁড় করিয়েছেন। এরই মধ্যে ব্যবসার ট্রেড লাইসেন্স ও টিআইএন সনদও করেছেন। জানালেন, গত দুই অর্থবছরে সরকারকে আয়কর দিয়েছেন ৭ হাজার ৩০০ টাকা।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আয়ও হচ্ছে তাঁর। সাইদুর জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউটিউব থেকে প্রায় ১ লাখ ৩ হাজার টাকা এবং ফেসবুক থেকে প্রায় দেড় লাখ টাকা পেয়েছেন। তবে এই অর্থ নিজের জন্য খরচ করেন না বলে দাবি তাঁর। অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় ব্যয় করেন। সম্প্রতি একজন কিডনির রোগীকে ৫০ হাজার টাকা এবং আরেকজনের চোখের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
সাইদুর বলেন, ‘আমি জানি অভাব কী জিনিস। তাই মানুষের কষ্ট দেখলে নিজের আগের দিনগুলোর কথা মনে পড়ে।’ ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আগামী দিনে দিনাজপুরের বিভিন্ন এলাকায় ‘জামাই টি স্টল’-এর শাখা করার চেষ্টা করছেন। এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকা থেকে অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের চা বানানোর কৌশল ও ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে জানিয়েছেন তিনি।
সাইদুর রহমান বলেন, ‘আমি সব সময় নিচের দিকে তাকাই। নিচের মানুষগুলোকে দেখলে নিজের অতীতকে মনে করতে পারি।’