নারায়ণগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে দুই চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী লেগুনা, কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের লেঙ্গুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে লেগুনাচালক মো. রতন (৪২) ও ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্বকরদী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে অটোরিকশাচালক দ্বীন ইসলাম (৪৫)। তাঁদের মধ্যে রতন ঘটনাস্থলে ও দ্বীন ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, যাত্রীবাহী লেগুনাটি আড়াইহাজার মদনপুর সড়কের প্রভাকরদী থেকে যাত্রী নামিয়ে আড়াইহাজার উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটির সামনে এসে পড়ে। একই সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) একই সড়ক ধরে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি লেগুনা ও কাভার্ড ভ্যানের মাঝখানে এসে পড়লে ত্রিমুখী সংঘর্ষ হয়।

ওসি আজিজুল হক আরও বলেন, ত্রিমুখী সংঘর্ষে লেগুনাচালক রতন ভেতরে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে অটোরিকশাচালক দ্বীন ইসলামকে আহত অবস্থায় প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আজিজুল হক আরও বলেন, দুর্ঘটনার শিকার গাড়িগুলো পুলিশের হেফাজতে আছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দুটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো মামলা হয়নি।