শার্শায় তরুণের প্যান্টের পকেটে পাওয়া গেল ৮৫ লাখ টাকার সোনা
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে দুটি সোনার বার উদ্ধার করেছেন খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার দুপুরে উপজেলার পাঁচভূলাট এলাকায় সাইদুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তির প্যান্টের পকেট থেকে সোনার বার দুটি উদ্ধার করা হয়।
এ সময় তাঁকে আটক করেন বিজিবির সদস্যরা। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি। এর বাজারমূল্য ৮৫ লাখ টাকা।
আটক সাইদুল ইসলাম যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট গ্রামের আবদুল হালিমের ছেলে। তিনি ওই সোনা ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।
খুলনা ২১ বিজিবি সূত্র জানায়, শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সোনা পাচার হতে পারে—এমন তথ্য পেয়ে বিজিবির পাঁচভূলাট তল্লাশিচৌকির একটি বিশেষ টহল দল আজ দুপুরে পাঁচভূলাট গ্রামের আমবাগানের পাশে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে পাশের সড়ক দিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাচ্ছিল।
ইজিবাইকটি টহল দলের কাছাকাছি এলে সেটি থামতে বলা হয়। ইজিবাইকটি থামার পর এর যাত্রী সাইদুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন। এরপর তল্লাশি করে তাঁর প্যান্টের পকেটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুটি সোনার বার উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে শার্শা থানায় মামলা এবং তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনার বার থানায় জমা দেওয়া হয়েছে।