দোকানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় সৈয়দ মুহাম্মদ রাসেল (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মোটরসাইকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখিল গ্রামের বাসিন্দা। তাঁর দুই ছেলে এবং এক মেয়েশিশু রয়েছে। চট্টগ্রাম নগরের নন্দকানন এলাকায় থাই অ্যালুমিনিয়ামের দোকানের মালিক ছিলেন তিনি।

ঘটনাস্থলে থাকা নাজিরহাট খাগড়াছড়ি বাস–মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বলেন, চট্টগ্রাম নগরের নন্দকানন এলাকায় দোকানে যাওয়ার উদ্দেশ্যে সৈয়দ মুহাম্মদ রাসেল বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বাসস্ট্যান্ড এলাকার এম আলম সিএনজি পাম্পের সামনে পেছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাসেল। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

রাউজান উপজেলার গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুল আজম বলেন, দুর্ঘটনায় নিহত রাসেল নগরীর থাই অ্যালুমিনিয়ামের দোকানের মালিক। প্রতিদিন আসা–যাওয়া করে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান চালাতেন। তাঁর লাশ উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করা হবে।