চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দিয়ে তিনটি বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক
চট্টগ্রাম চিড়িয়াখানার সঙ্গে ছয়টি জেব্রার বিনিময়ে প্রাপ্তবয়স্ক তিনটি বাঘ পেয়েছে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্ক। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছায়। আর গাজীপুর সাফারি পার্ক থেকে ইতিমধ্যে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বাকি তিনটি জেব্রা দ্রুতই পাঠানো হবে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান। তিনি বলেন, শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছায়। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীদের বাঘ দেখার সুযোগ আরও বাড়বে।
দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি পূর্ণ সুস্থ ও সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে লালন করা হচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা হয়েছে মোট ১০টি।
গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, পার্ক প্রতিষ্ঠার পর বিদেশ থেকে কয়েকটি বাঘ আনা হয়েছিল। এর মধ্যে কিছু বাঘ মারা গেছে, মাঘের নতুন বাচ্চাও জন্ম নেয়। পার্কের টাইগার বেষ্টনীতে থাকা বাঘগুলোর আয়ুষ্কালও ফুরিয়ে যাচ্ছিল। পার্ক কর্তৃপক্ষ ও সরকার বাঘ আমদানির জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরে পার্ক কর্তৃপক্ষ জানতে পারে চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ আছে, কিন্তু তাদের জেব্রা নেই। আবার গাজীপুর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা আছে। পরে গাজীপুর সাফারি পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ে যায়।
এর অংশ হিসেবে গত বুধবার রাতে একটি ট্রাকে করে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানায় তিনটি জেব্রা পাঠায় গাজীপুর সাফারি পার্ক। ওই ট্রাকে করেই গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়। আজ ভোরে বাঘবাহী ট্রাকটি পার্কে পৌঁছায়। গাজীপুর সাফারি পার্ক থেকে বাকি তিনটি জেব্রা কয়েক দিনের মধ্যেই চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।
এ বিষয়ে প্রথম আলোকে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি পূর্ণ সুস্থ ও সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে লালন করা হচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা হয়েছে মোট ১০টি।