স্বামীর মুক্তিপণের টাকা দিতে গিয়ে স্ত্রীসহ তিনজন অপহৃত, পরে উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে অপহরণের শিকার তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে ৫৬ ঘণ্টা পার হলেও অপহৃত মো. কালামের খোঁজ পাওয়া যায়নি এখনো।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মো. কালামকে (৪৮) অপহরণ করা হয়। একই রাতে মুক্তিপণের টাকা দিতে আসা তাঁর স্ত্রী জাহানারা বেগমসহ (৪০) তিন নারীকে অপহরণ করা হয়। গতকাল শনিবার ভোরে পুলিশ ওই তিন নারীকে উদ্ধার করে।
এ ঘটনায় কালামের ভাইয়ের স্ত্রী টিপু বেগম বাদী হয়ে ৯ থেকে ১০ জনকে আসামি করে একটি অপহরণের মামলা করেছেন। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বিকল হয়ে যায় ঢাকামুখী একটি বাস। ওই বাসের যাত্রী ছিলেন মো. কালাম। বাসের মেরামত চলাকালীন এক সহযাত্রীকে নিয়ে দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি।
সেখান থেকে কালামকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় ৯ থেকে ১০ জনের একটি দল। পরে তাঁর পরিবারকে ফোন করে জানানো হয়, রাতের মধ্যেই ৮০ হাজার টাকা মুক্তিপণ না দিলে কালামকে হত্যা করা হবে। মুক্তিপণের টাকা দিতে গিয়ে বাড়বকুণ্ড বাজার থেকে অপহৃত হন কালামের স্ত্রী জাহানারা, দুই আত্মীয় শাহানা বেগম (৫০) ও মরিয়ম বেগম (৫৫)। এবার চারজনের জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ চান অপহরণকারীরা।
গত শুক্রবার ভোরে কালামের ভাইয়ের স্ত্রী টিপু বেগম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। খবর পেয়ে পুলিশ পাহাড়ে অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে। পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে অপহৃত কালামকে নিয়ে পাহাড়ের গহিনে চলে যান অপহরণকারীরা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, বয়স্ক নারীদের বেধড়ক পিটিয়েছেন অপহরণকারীরা। তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, অপহৃত কালামকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের পাশাপাশি র্যাবও অভিযান পরিচালনা করছে। তাঁরা আশা করছেন, দ্রুততম সময়ে কালামকে উদ্ধার করা যাবে। থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ রাতে মহাসড়কে টহল আরও বাড়িয়েছে বলে জানান তিনি।
গত ১৫ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে এক সপ্তাহ আগে উপজেলার মুরাদপুর এলাকার এক প্রবাসীর মুঠোফোনসহ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এর আগে ১৩ জুন আবু হানিফ নামের ব্যাটারিচালিত অটোরিকশা চালককে চেতনানাশক সিগারেট দিয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।