জামায়াতের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটক, ১০ দিনের কারাদণ্ড

নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায়ছবি: প্রথম আলো

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এ রায় দেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত চারটায় শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহানকে পুলিশের কাছে সোপর্দ করার পর আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় এক জামায়াত নেতা। পরে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। জড়িত ব্যক্তিকে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে লিটন কুমার চৌহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নওগাঁ-৫ আসনের  নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর।

নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছেন বিএনপির রাজনৈতিক সন্ত্রাসীরা। আমাদের নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বিএনপি। তাদের পাঠানো সন্ত্রাসী এবার জনতার হাতে আটক হয়েছে।’