বন্ধুদের সঙ্গে খালে গোসলে নেমে আর উঠে আসেনি রাকিব

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের চাক্তাই খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. রাকিব (১০)। আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চাক্তাই খালের স্লুইসগেটসংলগ্ন ভেড়া মার্কেট এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।

রাকিবের বাবা মাঈন উদ্দিন পেশায় রিকশাচালক। পরিবারের সঙ্গে সে ভেড়া মার্কেট এলাকায় বসবাস করত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, গোসল করতে গিয়ে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস অভিযান চালায়। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে খালে গোসল করতে নামে রাকিব। অন্যরা উঠে এলেও সে আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবার জানতে পারে, সে খালে নেমেছিল। বিষয়টি রাতে ফায়ার সার্ভিসকে জানানো হলে অভিযান চালিয়ে রাত সাড়ে নয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫ জন, ২০২৩ সালে ৩ জন, ২০২৪ সালে ৩ জন এবং ২০২৫ সালে ১ জন মারা যান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবে, নগরের ৪১টি ওয়ার্ডে খাল-নালার মোট দৈর্ঘ্য ১ হাজার ১৩৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১৯ কিলোমিটার খালের পাড়ে কোনো নিরাপত্তাবেষ্টনী নেই। এ ছাড়া ৫ হাজার ৫২৭টি স্থানে উন্মুক্ত নালা রয়েছে।