ভোটকেন্দ্রে ৬০ শতাংশ ভোটার আনতে হবে: সিলেটে নানক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বুধবার দুপুরে সিলেট নগরের একটি কনভেনশন হলে
ছবি: প্রথম আলো

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার জন্য নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৬০ শতাংশ ভোটার কেন্দ্রে আনতে হবে।

আজ বুধবার দুপুরে সিলেট নগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন সেন্টারে দলের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নানক। ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিলেট সফর সফরের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

নির্বাচনী প্রচার নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে নানক বলেন, ‘নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে সবাইকে কাজ করতে হবে। ২০০৮ সালে নেত্রী মনোনয়ন দিয়েছিলেন তখন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষার দুই হাত পেতে দিয়েছিলাম। এবার দুই হাত জোড় করে ভোটারদের কাছে যেতে হবে। দুই হাত জোড় করে অনুরোধ করতে হবে, আল্লাহর ওয়াস্তে আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দেন। আমাকে ভোট দেন আর না দেন, ভোটকেন্দ্রে আসেন, ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করুন।’

সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় নানক বলেন, নেত্রীর নির্দেশনা, ভোটারদের উপস্থিতি বাড়াতে উদ্বুদ্ধ করতে হবে। ভোটকেন্দ্রে এসে ভোটাররা যাতে নিরবচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ উপায়ে ভোট দিতে পারেন, এ জন্য ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে।

ভোটারদের বাড়িতে উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি নিয়ে গেলে হবে না, বলে মন্তব্য করেন নানক। ভোটকেন্দ্রের জন্য কমিটি করতে নেতা-কর্মীদের তাগিদ দিয়ে দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘ভোট হবে কেন্দ্রে। সেই কেন্দ্র কমিটিকে বাড়ি বাড়ি যেতে হবে। হাত ধরতে হবে, পা ধরতে হবে। অনুনয়-বিনয় করতে হবে। বিপুল ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে আমরা বিশ্ব মোড়লদের দেখিয়ে দেব, শেখ হাসিনা পারেন, শেখ হাসিনা পেরেছেন। তাঁর নেতৃত্বে দেশে একটি সুন্দর-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়।’

বক্তব্যে বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন নানক। দল দুটিকে ‘অপশক্তি’ হিসেবে উল্লেখ করে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল দাবি করে তিনি বলেন, ‘আমরা দ্বাদশ জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিল। তারা অপশক্তি। কিন্তু আমরা সবকিছু মোকাবিলা করে নির্বাচনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। তারা বিশ্ব মোড়লদের আমাদের বিরুদ্ধে পক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা আমাদের দিকনির্দেশনা দিতে চেয়েছিল, কিন্তু আমাদের নির্ভীক সাহসী সেনাপতি শেখ হাসিনা কারও রক্তচক্ষুকে ভয় পান না।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভায় সিলেট বিভাগের সংসদীয় আসনগুলোতে দল মনোনীত ১৯ প্রার্থীর প্রত্যেককে ২০ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় ১০ হাজার করে লোক নিয়ে আসার আহ্বান জানান নানক। ওই জনসভায় তিনি সিলেট নগরের সিটি করপোরেশন, বিভিন্ন জেলা, উপজেলাসহ সব মিলিয়ে ১০ লাখের ওপরে মানুষের উপস্থিতি চান। এ সময় নানক প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে সিলেটে প্রতিদিন স্বাগত মিছিলের পাশাপাশি নেতাদের প্রচারণা চালানোর আহ্বান জানান। সভা শেষে বিশেষ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।