হেরোইন বহনের দায়ে ১১ বছর পর যুবকের যাবজ্জীবন  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইন বহনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়ার পর আসামি মো. সোহেলকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়
ছবি: প্রথম আলো

নাটোরে হেরোইন বহনের দায়ে মো. সোহেল (৪০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার ১১ বছর পর আজ সোমবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. সোহেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ১০০ গ্রাম হেরোইন বহনের এই মামলার রায় ঘোষণার জন্য আজ দুপুরে আদালতে নথি উপস্থাপন করা হয়। এ সময় মামলার একমাত্র আসামি মো. সোহেলকে কারাগার থেকে আদালত আনা হয়। রায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নাটোর বনবেলঘরিয়া বাইপাস মোড়ে রাজশাহী থেকে কুষ্টিয়াগামী বিপ্লব পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করেন। এ সময় মো. সোহেল নামের এক যুবককে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে একই সংস্থার তত্ত্বাবধায়ক শহিদুল মান্নাফ কবীর একই বছরের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য দায়রা জজ আদালতে আসে। আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১১ বছর পর আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

নাটোর জেলা আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আসামির হেরোইন বহনের ব্যাপারে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছিল। রায়ে তিনি সন্তুষ্ট। তবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানানো হয়েছে।