ভৈরবে অফিসে যাওয়ার কথা বলে চার দিন ধরে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা
অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর কিশোরগঞ্জের ভৈরবে জনতা ব্যাংকের এক কর্মকর্তা চার দিন ধরে নিখোঁজ। পুলিশ এ সময়ে চেষ্টা করেও তাঁর সন্ধান পায়নি। নিখোঁজ ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন। তিনি জনতা ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তা। তাঁর নিখোঁজে বড় দুশ্চিন্তার মধ্যে পড়েছে পরিবার।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, আলমগীর হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে। পাঁচ বছর আগে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে তাছলিমা আক্তারকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তান রয়েছে। এই দম্পতি থাকেন কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায়। তাছলিমা ভৈরবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আলমগীর অফিসে যাওয়ার কথা বলে গত রোববার সকাল সাড়ে আটটায় ঘর থেকে বের হন আলমগীর। পরে অফিস থেকে জানানো হয়, তিনি অফিসে যাননি। মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আলমগীরের স্ত্রী তাছলিমা আক্তার। তিনি জানান, স্বামীকে অনেক খুঁজেছেন, সন্ধান পাচ্ছেন না। মুঠোফোনের সংযোগও বন্ধ। পুলিশও খোঁজ করছে। বিশেষ কিছু ধারণা করছেন কি না, এমন প্রশ্নে তাছলিমা বলেন, এ কথা সত্যি যে স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক ভালো নয়। একবার তিনি (আলমগীর) বলেছিলেন, লাপাত্তা হয়ে যাবেন, খুঁজেও পাওয়া যাবে না।
জনতা ব্যাংক ভৈরব শাখার ব্যবস্থাপক মো. আসাব উদ্দিন বলেন, ‘গত রোববার অফিস টাইম হয়ে গেলেও আলমগীর সাহেব আসছিলেন না। পরে তাঁর স্ত্রীর কাছে খোঁজ জানতে চাই। ফোন করেও পাচ্ছিলাম না। এর পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।’
থানায় জিডি হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তের দায়িত্বে আছেন ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আসিবুল হক ভূঁইয়া। তিনি বলেন, ওই ব্যাংক কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ফোনকল চেক করা হয়েছে। প্রযুক্তির সহযোগিতায় আরও কিছু দিক পর্যালোচনা করা হচ্ছে।